কালিয়াকৈরে বংশাই নদীতে ডুবে ছাত্রের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের মহরাবহ গ্রামে বংশাই নদীর স্রোতে ভেসে গিয়ে তাসকিন মিয়া নামে (৮) বছরের এক স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার ৪ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নদীতে তলিয়ে যায় সে। প্রায় ১ ঘণ্টা খোঁজাখুঁজির পর দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তাসকিন মহরাবহ গ্রামের রতন মিয়ার ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টায় দিকে তাসকিন বন্ধুদের সঙ্গে খেলাধুলা করে বংশাই নদীর উপর জাংগালিয়া ব্রিজের দক্ষিণ পাশে গোসল করতে যায়। হঠাৎ নদীর প্রবল স্রোতে সে পানিতে তলিয়ে যায়। বন্ধুরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারের চেষ্টা করে।
অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১২টার দিকে নদী থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।৮ বছরের তাসকিনের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মহরাবহ গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাড়িতে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।
নিহতের বাবা রতন মিয়া ছেলের মরদেহ জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন,সকালে হাসতে হাসতে খেলতে গেল আমার মানিক। আর ফিরল না। নদী আমার সব কেড়ে নিল। আমি এখন কাকে নিয়ে বাঁচব।
প্রতিবেশীরা জানান, তাসকিন ছিল অত্যন্ত মেধাবী, শান্ত ও বিনয়ী স্বভাবের। তার এমন মৃত্যুতে এলাকার মানুষ শোকাহত।
এ ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধিরা বর্ষা মৌসুমে অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেন,বংশাই নদীতে এখন প্রচণ্ড স্রোত। শিশুদের একা নদীতে গোসল বা খেলাধুলা করতে দেওয়া যাবে না। একটু অসাবধানতাই কেড়ে নিতে পারে প্রাণ।কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান,হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।



আপনার মতামত লিখুন