রাজশাহীর সেনাসদস্য রিফাতের মৃত্যুতে শোক,শোকাহত পরিবারের পাশে এমপি মিলন
চট্টগ্রামের হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য তাসনিম রিফাতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে তিনি পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামে রিফাতের বাড়িতে যান এবং শোকাহত পিতা আসাদুল ইসলামসহ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

এ সময় এমপি মিলন রিফাতের বাবা ও ভাইকে সঙ্গে নিয়ে তাঁর কবর জিয়ারত করেন এবং রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
পরে সাংবাদিকদের তিনি বলেন,দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে তাসনিম রিফাতের এভাবে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। একজন তরুণ সেনাসদস্যের আকস্মিক মৃত্যু শুধু তাঁর পরিবারের জন্য নয়, পুরো জাতির জন্যই গভীর শোকের। সন্তান হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। আমরা তাঁর পরিবারের পাশে আছি।
এ সময় জেলা বিএনপির সদস্য শাহজাহান আলী, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ,আব্দুস সালাম মাস্টার, আব্দুল হালিম, কুতুব উদ্দিন বাদশা, উপজেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম সাহেবজাদা, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, সাবেক সদস্য মাজদার রহমান,পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,গত ৯ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংকের ভেতরে গোলা বিস্ফোরিত হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড কোরের ১৫ স্বতন্ত্র সাঁজোয়া স্কোয়াড্রনের সৈনিক তাসনিম রিফাতসহ দুই সেনাসদস্য ঘটনাস্থলেই নিহত হন।

আপনার মতামত লিখুন