বিমা দাবি পরিশোধ নিয়ে মিথ্যা তথ্য, আলফা লাইফকে জরিমানা
বিমা দাবি পরিশোধ নিয়ে মিথ্যা তথ্য দিয়েছে আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স। বিমা দাবি পরিশোধের বিষয়ে এই জীবন বিমা কোম্পানিটির রেজিস্টারে এক রকম তথ্য এবং বার্ষিক প্রতিবেদনে রয়েছে অন্য ধরনের তথ্য। বিমা দাবি পরিশোধের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার পাশাপাশি কোম্পানিটির আরও নানান অনিয়ম করেছে। এ জন্য কোম্পানিটিকে ৭ লাখ টাকা জরিমানা করেছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বিমা আইন ২০১০ এর ১৩০ ও ১৩১ ধারা অনুসারে এই জরিমানা করা হয়। একই সঙ্গে আরও দুটি অনিয়মের কারণে বিমা কোম্পানিটিকে সতর্ক করেছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা। জরিমানা ও সতর্ক সংক্রান্ত একটি চিঠি সোমবার (২৭ জানুয়ারি) আইডিআরএ থেকে আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) বরাবর পাঠানো হয়েছে।
জরিমানার অর্থ আগামী ১০ কার্যদিবসের মধ্যে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে আইডিআরএ বরাবর পাঠানোর নির্দেশ দিয়ে চিঠিতে বলা হয়েছে, ২০২২ সালের বিমা দাবি নিষ্পত্তি ও তামাদি পলিসি সংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য গত বছরের ২৪ জানুয়ারি আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয় পরিদর্শন করে আইডিআরএর এক তদন্ত দল। বিমা দাবি নিষ্পত্তি ও তামাদি পলিসি সংক্রান্ত রেজিস্টারে সংরক্ষিত তথ্যে দেখা যায়, ২০২২ সালে কোম্পানিটির নিষ্পত্তিকৃত মৃত্যুদাবি পলিসি সংখ্যা ৪৬টি। যার বিপরীতে পরিশোধিত টাকার পরিমাণ ৫৬ লাখ ২৩ হাজার ৮১৬ টাকা। তবে বিমা কোম্পানিটির ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী মৃত্যুদাবি বাবদ পরিশোধিত টাকার পরিমাণ ২৭ লাখ ২৯ হাজার ৪১৬ টাকা। এ ক্ষেত্রে মৃত্যুদাবি রেজিস্টারের সঙ্গে বার্ষিক প্রতিবেদনে উল্লেখিত টাকার মধ্যে ২৮ লাখ ৯৪ হাজার ৪০০ টাকার গরমিল পরিলক্ষিত হয়। ফলে আলফা ইসলামি লাইফের দাখিল করা বার্ষিক প্রতিবেদনে মিথ্যা তথ্য প্রদান করায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডকে বিমা আইন ২০১০ এর ধারা ১৩১ মোতাবেক ২ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে, উল্লেখ করা হয়েছে চিঠিতে।



আপনার মতামত লিখুন