খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

বাংলাদেশে ঢুকে পাঁচ নাগরিককে মারধর: পতাকা বৈঠকে বিএসএফের দুঃখপ্রকাশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৭ অপরাহ্ণ
বাংলাদেশে ঢুকে পাঁচ নাগরিককে মারধর: পতাকা বৈঠকে বিএসএফের দুঃখপ্রকাশ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে পাঁচ বাংলাদেশিকে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। একই সঙ্গে অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিএসএফ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিজিবির প্রতিবাদের মুখে এসব আশ্বাস দেয় বিএসএফ। লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি ও সীমান্ত সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ফুলবাড়ী উপজেলার নাওডাঙা ইউনিয়নের গোরকমন্ডল নামাটারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯২৯-এর সাব পিলার ৪-এসের কাছে বাংলাদেশি নাগরিক আব্দুল্লাহ নামে এক বাসিন্দার উঠানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা পৌনে দুইটার দিকে বৈঠক শুরু হয়ে শেষ হয় আড়াইটার দিকে। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম এবং বিএসএফর পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ ৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক অমিত কুমার। বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে নাগরিকদের মারধরের ঘটনায় কড়া প্রতিবাদ জানায় বিজিবি।

বৈঠকের বরাতে বিজিবি জানায়, বিজিবি কড়া প্রতিবাদ জানিয়েছে। সার্বিক ঘটনার জন্য বিএসএফ দুঃখ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, ওই বিএসএফ সদস্যরা কাশ্মির ফ্রন্ট থেকে এই অঞ্চলে নতুন এসেছেন। বাংলাদেশে ঢুকে পড়ার বিষয়টি তারা বুঝতে পারেননি, খেয়াল করেননি। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে নিজস্ব আইনে ব্যবস্থা নেবে বিএসএফ। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে সে আশ্বাসও দিয়েছে বিএসএফ প্রতিনিধিদল। বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম বলেন, ‘বৈঠক হয়েছে। আমরা কড়া প্রতিবাদ জানিয়েছি। বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। তারা কাশ্মির ফ্রন্ট থেকে এই অঞ্চলে নতুন এসেছে বলে জানিয়েছে। বুঝতে না পেরে ঢুকে পড়েছে। জড়িত সদস্যদের বিরুদ্ধে তারা প্রশাসনিক ব্যবস্থা নেবে। ভবিষ্যতে এমনটা আর হবে না বলেও জানিয়েছে।’ বৈঠকের বিস্তারিত প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে বলে জানান বিজিবি অধিনায়ক।

এর আগে, গতকাল শুক্রবার দুপুরে ফুলবাড়ীর নাওডাঙা ইউনিয়নের পশ্চিম বালাতারী সীমান্তের সীমান্ত পিলার ৯৩০-এর ৮ এস পিলারের কাছ দিয়ে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করেন বিএসএফের ৫ সদস্য। বারোমাসিয়া নদীর ধারে বাংলাদেশের পশ্চিম বালাতারী গ্রামে প্রবেশ করে তারা পাঁচ জন বাংলাদেশিকে মারধর করে। পরে এলাকাবাসীর তোপের মুখে তারা ফিরে যায়। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিজিবির টহল দল ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে নিবৃত্ত করে সরিয়ে দেয়।

অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

ঢাকার ডাক বিনোদন ডেস্ক: অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। অস্কারের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার জন্য সিনেমাটিকে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম বাংলাদেশের নির্বাচিত সিনেমা হিসেবে ‘রইদ’-এর নাম ঘোষণা করেন।

অস্কার বাংলাদেশ কমিটি জানিয়েছে, ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়সীমা ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে। এগুলো হলো—রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।

তবে পরবর্তী সময়ে ‘মানুষের বাগান’ স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। ফলে বাকি চারটি চলচ্চিত্র নিয়ে পর্যালোচনা করে অস্কার বাংলাদেশ কমিটি। চলচ্চিত্রগুলোর বিভিন্ন দিক বিশ্লেষণের পর সর্বসম্মত সিদ্ধান্তে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য ‘রইদ’ সিনেমাকে চূড়ান্ত করা হয়।

ড. মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের অস্কার বাংলাদেশ কমিটিতে ছিলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।

রইদ’ নির্মাতা মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তার নির্মিত প্রথম সিনেমা ‘হাওয়া’ দেশ-বিদেশে আলোচিত হয়। এবার ‘রইদ’-এর মাধ্যমে অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই নির্মাতা।

বাংলাদেশ থেকে অস্কারে সিনেমা পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচিত হয়েছে ‘রইদ’। পরবর্তী ধাপে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া চলচ্চিত্রগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে সিনেমাটি।অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৭ সালের ১৪ মার্চ অনুষ্ঠিত হবে ৯৯তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার।