আইনজীবী না পেয়ে আদালতে নিজেই শুনানিতে অংশ নিলেন পলক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না বলে আদালতকে জানিয়েছেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ আদালতে রিমান্ড শুনানীর সময় তিনি এ কথা বলেন। এসময় তার পক্ষে আদালতে কোনো আইনজীবী না থাকায় পলক নিজেই শুনানিতে অংশ নেন। এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জ সদর থানার একটি ও সিদ্ধিরগঞ্জ থানার দুইটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বেলায়েত হোসেন পলকের বিরুদ্ধে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জ সদর থানায় স্বজন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ৫ দিন এবং সিদ্ধিরগঞ্জ থানার আহসান কবির শরিফ ও হাফেজ সোলাইমান হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে ওঠানো হয় তাকে। পরে প্রত্যেক মামলায় আদালত ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।




আপনার মতামত লিখুন