খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

২০ বছর পর উইল স্মিথের গানের অ্যালবাম

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৩:৩১ অপরাহ্ণ
২০ বছর পর উইল স্মিথের গানের অ্যালবাম

উইল স্মিথের ক্ষেত্রে একটি প্রবাদ খুব যায়, সেটি হলো, একই অঙ্গে কত রূপ! কারণ, তিনি একাধারে একজন অভিনেতা, প্রযোজক এবং র‍্যাপার। আমেরিকান এই অভিনেতা বিশ্বজুড়ে তার অসাধারণ অভিনয়শৈলীর জন্য বিখ্যাত। কিন্তু তিনি যে একইসঙ্গে ভালো গানও গান, সেটাইবা কয়জন জানেন। উইল স্মিথ একজন র‍্যাপার হিসেবেও কিন্তু দুর্দান্ত। আবারও নিজের এই প্রতিভার জানান দিতে আসছেন ২৮ মার্চ। নিজের গানের দ্বিতীয় অ্যালবাম নিয়ে এদিন ফিরছেন উইল।

১৪ মার্চ (শুক্রবার) উইল ঘোষণা করলেন যে, ২০ বছর পর তার প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম ‘বেজড অন আ ট্রু স্টোরি’ প্রকাশিত হতে যাচ্ছে ২৮ মার্চ (শুক্রবার)। অভিনেতার শেষ অ্যালবাম, ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ প্রকাশিত হয়েছিলো ২০০৫ সালের মার্চ মাসে। স্মিথের ১৪-ট্র্যাক অ্যালবামে সহযোগী হিসেবে আছেন ডিজে জ্যাজি জেফ, যার সাথে স্মিথ প্রথম সঙ্গীতে তার ছাপ ফেলেছিলেন। সেইসঙ্গে আছেন টেয়ানা টেলর ও জ্যাক রস। ইনস্টাগ্রামে একটি পোস্টে অ্যালবাম প্রকাশের তারিখ ও কভার শেয়ার করে উইল স্মিথ লিখেছেন, ‘এটা অফিসিয়াল ঘোষণা! আমার নতুন অ্যালবাম ‘বেজড অন আ ট্রু স্টোরি’ ২৮ মার্চ মুক্তি পাচ্ছে। আর মাত্র দুই সপ্তাহ! আমি এটা আপনাদের সকলের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে আগ্রহী।’ বলা দরকার, জানুয়ারিতে তার সর্বশেষ একক গান ‘বিউটিফুল স্কারস’ প্রকাশের সময় তিনি প্রথম ঘোষণা করেছিলেন যে, তিনি একটি নতুন অ্যালবাম প্রকাশ করবেন। অভিনয়ের পাশাপাশি গানকে ভালোবাসেন উইল। তাইতো তিনি গানের শিকড়ে ফিরে যান বারবার।

অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

ঢাকার ডাক বিনোদন ডেস্ক: অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। অস্কারের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার জন্য সিনেমাটিকে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম বাংলাদেশের নির্বাচিত সিনেমা হিসেবে ‘রইদ’-এর নাম ঘোষণা করেন।

অস্কার বাংলাদেশ কমিটি জানিয়েছে, ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়সীমা ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে। এগুলো হলো—রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।

তবে পরবর্তী সময়ে ‘মানুষের বাগান’ স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। ফলে বাকি চারটি চলচ্চিত্র নিয়ে পর্যালোচনা করে অস্কার বাংলাদেশ কমিটি। চলচ্চিত্রগুলোর বিভিন্ন দিক বিশ্লেষণের পর সর্বসম্মত সিদ্ধান্তে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য ‘রইদ’ সিনেমাকে চূড়ান্ত করা হয়।

ড. মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের অস্কার বাংলাদেশ কমিটিতে ছিলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।

রইদ’ নির্মাতা মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তার নির্মিত প্রথম সিনেমা ‘হাওয়া’ দেশ-বিদেশে আলোচিত হয়। এবার ‘রইদ’-এর মাধ্যমে অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই নির্মাতা।

বাংলাদেশ থেকে অস্কারে সিনেমা পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচিত হয়েছে ‘রইদ’। পরবর্তী ধাপে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া চলচ্চিত্রগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে সিনেমাটি।অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৭ সালের ১৪ মার্চ অনুষ্ঠিত হবে ৯৯তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার।