সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, র্যালি-আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
“প্রকৃতি থেকে অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ে র্যালি, প্রবন্ধ উপস্থাপন, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুলের বাস্তবায়নে পরিচালিত SMART (Sustainable Microenterprise and Resilient Transformation) প্রকল্প ও সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের মডেল পরিবেশ ক্লাব যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, মডেল পরিবেশ ক্লাবের সদস্য এবং শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাপাহার পরিবেশ মডেল ক্লাবের সভাপতি মনসুর আহম্মেদের সভাপতিত্বে এবং SMART প্রকল্পের সমন্বয়কারী মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম।
এছাড়া বক্তব্য রাখেন ঘাসফুলের এমআইএস অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার হাসান, এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল অফিসার মো. জুয়েল রানা, টেকনিক্যাল অফিসার এস এম কামরুল হাসান, মোসাব্বের আহম্মেদ, ক্ষুদ্রঋণ কর্মসূচির এরিয়া ব্যবস্থাপক মো. জুয়েল রানা এবং সাপাহার শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।



আপনার মতামত লিখুন