কালকিনিতে অসহায় বৃদ্ধ ও তার পরিবারকে মামলা দিয়ে বাড়ি ছাড়া করার অভিযোগ!
মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে কয়েকটি হয়রানি মুলক মামলা দিয়ে আব্দুল মান্নান বেপারী(৭৯) নামে এক অসহায় বৃদ্ধ ও তার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে প্রতিপক্ষের প্রতিনিয়ত প্রাননাশের হুমকিতে পরিবার নিয়ে ওই বৃদ্ধ বাড়ি ছেড়ে স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এ ঘটনায় ন্যায় বিচারের দাবিতে রোববার সকালে উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয় এক সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বৃদ্ধ। এলাকা ও লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার পুর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারের চর গ্রামের অসহায় বৃদ্ধ আব্দুল মান্নান বেপারীর(৭৯) সঙ্গে একই এলাকার প্রভাবশালী আরিফুল ইসলাম বাবু, তার বোন নাদিরা সুলতানা ও ভাই সাজ্জাদ হোসেনের সঙ্গে বাড়ির পাশের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে আরিফুল ইসলাম বাবু ক্ষিপ্ত হয়ে তার বোন নাদিরা সুলতানাকে বাদী বানিয়ে হয়রানীর উদ্দেশ্য মাদারীপুর কোর্টে পরপর তিনটি মামলা দায়ের করে। এ সকল মামলায় আসামী করা হয় বৃদ্ধ আব্দুল মান্নান বেপারী, রফিকুল ইসলাম, মোহাম্মদ আলী বেপারী, লুৎফর বেপারী, শামীম বেপারী, শাহাজালাল বেপারী ও সাইফুল ইসলামকে। এরপর আরিফুল ইসলাম ও নাদিরা সুলতানা মিলে বৃদ্ধ আব্দুল মান্নান বেপারী ও তার পরিবারকে প্রকাশ্যে বিভিন্ন সময় প্রান নাশের হুমকি প্রধান করে আসছে। এ ঘটনায় বৃদ্ধ আব্দুল মান্নান বেপারী প্রান ভয়ে স্বপরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরে নিরুপায় হয়ে পরিবারের নিরাপত্তা চেয়ে বৃদ্ধ আব্দুল মান্নান বেপারী কালকিনি থানায় একটি সাধারণ ডায়রী করেন। ভুক্তভোগী আব্দুল মন্নান বেপারী কান্না জরিত কন্ঠে বলেন,আরিফুল ইসলাম বাবু, তার বোন নাদিরা সুলতানা ও ভাই সাজ্জাদ হোসেন মিলে পেশি শক্তি বলে আমার জমি দখলে নিতে চায়। আমি বৃদ্ধ একা মানুষ হওয়ায় আমাকে হত্যার হুমকি দিয়ে বাড়ি ছাড়া করেছে। আমার বিরুদ্ধে তারা মিথ্যা মামলা করে আমাকে হয়রানী করে আসছে। আমি আইনের কাছে তাদের বিচার চাই। আমি তাদের ভয়ে বাড়িতে থাকতে পারছিনা। এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত আরিফুল ইসলাম বাবুকে ফোনে পাওয়া যায়নি। এ ব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল ইসলাম জানান, বৃদ্ধ থানায় জিডি করেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।



আপনার মতামত লিখুন