ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন ও সম্প্রসারণে বাংলাদেশ-আইএসডিবির চুক্তি স্বাক্ষরিত
বিশেষ প্রতিনিধি: জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড-এর আধুনিকায়ন ও সম্প্রসারণে ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি)-এর মধ্যে ১০০৪.২৯ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের একটি অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ‘Modernization and Expansion of Eastern Refinery in Bangladesh’ শীর্ষক এই প্রকল্পটি বাস্তবায়িত হবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর মাধ্যমে।
চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং আইএসডিবি-এর পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির Director General, Country Programs জনাব Anasse Aissami। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক(আইএসডিবি) গ্রুপের মাননীয় চেয়ারম্যান Dr. Muhammad Al Jasser।
এই অর্থায়নের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে আইএসডিবি’র চলমান উন্নয়ন সহযোগিতা সম্পর্ক এক নতুন উচ্চতায় উন্নীত হলো। উল্লেখ্য, বাংলাদেশে আইএসডিবি’র কোনো একক প্রকল্পে এটিই সর্বোচ্চ বিনিয়োগ। প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়িত হলে ইস্টার্ন রিফাইনারির বর্তমান পরিশোধন সক্ষমতা ১.৫ মিলিয়ন মেট্রিক টন থেকে বৃদ্ধি পেয়ে ৪.৫ মিলিয়ন মেট্রিক টনে উন্নীত হবে। এর ফলে দেশের জ্বালানি নিরাপত্তা আরও সুদৃঢ় হবে, পরিবেশবান্ধব (ইউরো-৫ মানসম্পন্ন) পেট্রোলিয়াম জ্বালানি তেল উৎপাদন সম্ভব হবে এবং পরিশোধিত জ্বালানি তেল আমদানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
আইএসডিবি দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম প্রধান ও বিশ্বস্ত বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী হিসেবে অনুদান, প্রকল্প ঋণ, বাণিজ্য অর্থায়ন, বেসরকারি খাতের অর্থায়ন এবং রপ্তানি ঋণ গ্যারান্টিসহ বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা প্রদান করে আসছে।
অর্থায়ন চুক্তি স্বাক্ষরের অব্যবহিত পর আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন। প্রধানমন্ত্রী সহজ শর্তে অর্থায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশ ও আইএসডিবি’র সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
ঢাকার ডাক নিউজ/এস



আপনার মতামত লিখুন