ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
বিশেষ প্রতিনিধি: ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের কোন বিকল্প নেই, এজন্য শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
৪ সেপ্টেম্বর শুক্রবার ঢাকার স্থানীয় একটি হোটেলে বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশ আয়োজিত ‘যৌথ উদ্যোগে বইপড়া কর্মসূচির ১২ বছর’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, আজকের ভবিষ্যৎ প্রজন্মই আগামী দিনে দেশকে নেতৃত্ব দিবে। তাই তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য আগামী প্রজন্মকে ভালো বই পড়ায় উৎসাহিত করতে হবে। শিক্ষাব্যবস্থাকে আরো আনন্দময় ও সৃজনশীল করে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য সরকার খেলাধুলা, সংস্কৃতি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আনন্দময় শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকারের এই উদ্যোগগুলো ভবিষ্যৎ প্রজন্মকে আগামী দিনে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।
বিভিন্ন প্রতিষ্ঠানের ‘কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি’ সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই, মানবিক ও সৃজনশীল মানুষ তৈরি করতে রাষ্ট্রের পাশাপাশি সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। এ সময় তিনি তরুণ সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে ভালো বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপস করেন।
বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খন্দকার মোঃ আসাদুজ্জামান, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ঢাকার ডাক নিউজ/এস



আপনার মতামত লিখুন