সরকার শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে: শিক্ষামন্ত্রী
বিশেষ প্রতিনিধি: বর্তমান সরকার শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আমরা বৈশ্বিক চাহিদার সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তনে কাজ করছি। এক্ষেত্রে গুগলের সহযোগিতার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
৬ সেপ্টেম্বর রবিবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে গুগলের গভর্নমেন্ট অ্যাফেয়ার্স এন্ড পাবলিক পলিসি’র আঞ্চলিক প্রধান কাইলি গার্ডনার (Kyle Gardner) এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে এসব কথা বলেন মন্ত্রী। এসময় গুগল ফর এডুকেশনের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিশেষ প্রকল্পের প্রধান টিম পাওলিনি (Tim Paolini), কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সামসুর রহমান খান উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দল শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। সাক্ষাৎকালে প্রতিনিধি দলকে শিক্ষার ক্ষেত্রে সরকারের কৌশলগত অগ্রাধিকার ও পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হয়।প্রতিনিধি দল ‘গুগল এডুকেশন’ এর সার্বিক কার্যাবলী বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও তারা শিক্ষক প্রশিক্ষণ, জেমিনাই (Gemini) একাডেমি, ক্রোমবুকস প্রভৃতি বিষয়ে ভবিষ্যতে বাংলাদেশের সাথে কিভাবে কাজ করা যায় সে বিষয়েও আলোচনা করেন।
এ সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আমরা বৈশ্বিক চাহিদার সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তনে কাজ করছি। এক্ষেত্রে গুগলের সহযোগিতার সুযোগ রয়েছে।আমাদের শিক্ষা ব্যবস্থায় তথ্য-প্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর ব্যবহার বৃদ্ধি করতে হলে আমাদের শিক্ষকদেরকেও এ বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। এজন্য আমরা ‘ওয়ান টিচার ওয়ান, ওয়ান ট্যাব,’ মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বারোপ করেছি। সরকারের এই উদ্যোগগুলোর ক্ষেত্রেও গুগল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়াও আমাদের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, কন্টেন্ট ডেভেলপমেন্ট প্রভৃতি ক্ষেত্রেও গুগলের সহযোগিতার সুযোগ রয়েছে।
ঢাকার ডাক নিউজ/এস



আপনার মতামত লিখুন