পবিত্র জুমার নামাজ শেষে রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ শুক্রবার পবিত্র জুম্মার নামাজ শেষে নগরীর উপশহর পানির ট্যাংকি মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল রাজশাহী জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-এর চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ সুইট।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান জনাব মোসাদ্দেক হোসেন বুলবুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল রাজশাহী জেলা শাখার সভাপতি প্রফেসর মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপশহর করইতলা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রুহুল আমিন, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, মহানগর ছাত্রদলের নেতা কাফি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৃক্ষরোপণ শেষে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং সমাজ ও অর্থনীতির টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ আমাদের সবার নৈতিক দায়িত্ব। সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ফারুক হোসেন বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার অংশ হিসেবে আমাদের এই কর্মসূচি। তারেক রহমানের নির্দেশনায় আমরা রাজশাহী জেলায় এই ধারাবাহিকতা অব্যাহত রাখবো।
পরে মাঠের বিভিন্ন স্থানে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।



আপনার মতামত লিখুন