সুবিদপুর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে জনপ্রিয় মুখ ফারুক আহমদ খান | সুবিদপুর পূর্ব ইউনিয়নকে আধুনিক ও মাদকমুক্ত করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক আহমদ খান
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের মুখে মুখে ফিরছে মো. ফারুক আহমদ খানের নাম। দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা ও তৃণমূল মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এই রাজনৈতিক ব্যক্তিত্বকে ইউনিয়নের অভিভাবক হিসেবে দেখতে চান স্থানীয় জনগণ।
৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের তেলিসাইর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান ফারুক আহমদ খান। তাঁর পিতা মাওলানা মো. হাফিজ উদ্দিন খান। শিক্ষাজীবনে তিনি ১৯৯৫ সালে ‘ইসলমিক হিস্ট্রি’ (ইতিহাস) বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন।
রাজনৈতিক অঙ্গনে ফারুক আহমদ খান একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা।
তিনি ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও কার্যকরি সদস্য হিসেবে দায়িত্ব সামলেছেন। ছাত্রজীবনেই রাজপথের রাজনীতিতে তাঁর হাতেখড়ি। তিনি হাজীগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছেন।
ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও সামাজিক মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি একাধিকবার হামলা, মামলা ও কারাভোগের শিকার হন। বিগত সরকারের আমলে তৎকালীন শিক্ষা মন্ত্রীর নির্দেশে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা আইসিটি মামলা দায়ের করা হলে তিনি প্রায় ৪ মাস কারাবাস ভোগ করেন এবং পরবর্তীতে দীর্ঘ আইনি লড়াই শেষে আদালত থেকে খালাস পান।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রত্যাশার কথা জানিয়ে ফারুক আহমদ খান বলেন, “আমি শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের আদর্শকে বুকে ধারণ করে যৌবনের শুরু থেকেই রাজনীতির মাঠে আছি। সরকারি চাকরির সুযোগ পেয়েও রাজনীতি ও এলাকার মানুষের সেবাকে বেছে নিয়েছিলাম। সুবিদপুর পূর্ব ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ যদি সুযোগ দেয়, তবে জীবনের শেষদিন পর্যন্ত অবহেলিত এই ইউনিয়নের মানুষের সেবায় আত্মনিয়োগ করব।”
এদিকে এলাকার সুশীল সমাজ, রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, ফারুক আহমদ খানের মতো তৃনমুল থেকে উঠে আসা একজন শিক্ষিত, পরিচ্ছন্ন ভাবমূর্তির ও রাজপথের লড়াকু নেতা চেয়ারম্যান হিসেবে প্রার্থী হলে ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে।
ফারুক আহমেদ খান রাজনীতির পাশাপাশি এলাকায় মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সহ ধর্মীয় ও বিভিন্ন সামাজিক কাজে জড়িত আছেন।
তিনি বর্তমানে কামতা ডিএস ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভর্নিং বডি’র সহ সভাপতির দায়িত্ব পালন করছেন।
ফারুক আহমেদ খান সব সময় এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছেন এবং ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।



আপনার মতামত লিখুন