দেশে ফিরেছেন বিএনপি নেতা কায়কোবাদ
দীর্ঘ ১৩ বছর পর বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দেশে ফিরেছেন। শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিকালে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান। ২০০৪ সালের ২১ আগস্ট আলোচিত গ্রেনেড হামলার মামলায় শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইবুন্যাল-১ এই মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের ফাঁসির দণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছিল।
এ ঘটনায় মামলা দায়েরের পর দীর্ঘদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছিলেন শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। কুমিল্লা-৩ আসনের পাঁচ বারের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ২০১৫ সালের ১২ নভেম্বর ইন্টারপোলে রেড নোটিশ জারি হয়। পরে তিনি রাজনৈতিক বিবেচনায় মামলা উল্লেখ করে আবেদন করে রেড নোটিশ প্রত্যাহার করিয়েছেন। পরে কায়কোবাদ কিছুদিন সৌদি আরব ও কিছুদিন আরব আমিরাতে বাস করেছেন বলে জানা গেছে।



আপনার মতামত লিখুন