নির্বাচনি ব্যবস্থা সংস্কারের জন্য তিন মাস যথেষ্ট: হাফিজ উদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই, অতি দ্রুত নির্বাচন চাই। নির্বাচনি ব্যবস্থার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, তার জন্য তিন মাস সময় যথেষ্ট। সুতরাং, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার আসার সুযোগ দিন। তিনি বলেন, ‘৭১ সালে যুদ্ধ করেছি, নির্বাচিত সরকার ছিল না বলে আমাদের যুদ্ধ করতে হয়েছিল। আবার কেন নির্বাচিত সরকারের জন্য আমাদের তর্ক-বিতর্ক করতে হবে।’
রবিবার (২৬ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘শুধু শুধু সময় ক্ষেপণ করবেন না। ছয় মাসেই বোঝা গেছে আপনাদের দৌড় কতটুকু। তবুও আপনাদেরকে সম্মান করি। আমরা সব রাজনৈতিক ব্যক্তিদের ঐক্য চাই। ছাত্র-জনতার সঙ্গে রাজনৈতিক দলগুলোর ঐক্য অত্যন্ত প্রয়োজন। আশা করি, এই ঐক্যের পথে আপনারা কেউ দেয়াল তৈরি করবেন না।
তিনি বলেন, ‘নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায়, মনে হয় আমরা কোনও অন্যায় দাবি করছি। আমরা কোনও অন্যায় দাবি করছি না। বিএনপিকে ক্ষমতায় বসান সেটাও বলছি না। বলছি, আপনারা কিংস পার্টি গঠন করবেন না। যারা রাজনীতি করতে চায়, তারা সরকার থেকে বেরিয়ে রাজনৈতিক দল গড়ে তুলুক।’



আপনার মতামত লিখুন