চট্টগ্রামে ওয়াসার পানিতে শেওলা, গ্রাহকদের ক্ষোভ
চট্টগ্রাম ওয়াসার সরবরাহ করা পানি নিয়ে ক্ষোভে ফুঁসছেন নগরের বাসিন্দারা। বিভিন্ন এলাকায় দিনের পর দিন পানি আসছে না। আবার যেটুকু আসছে, তার মধ্যে থাকছে শেওলা, কখনও লবণাক্ততা, আবার কখনও নোংরা ও দুর্গন্ধযুক্ত। এভাবে পানি নিয়ে সারা বছর দুর্ভোগে থাকেন গ্রাহকরা। বেশিরভাগ সময় মুখে তোলার জো নেই এই পানি। ঠিকভাবে গোসলও করা যাচ্ছে না। অনেকে পানি কিনে এনে ব্যবহার করছেন। শেওলার কারণে ওয়াসার দুটি প্রকল্পে দৈনিক চার কোটি লিটার পানির উৎপাদন কমেছে। এতে সংকট বেড়ে গেছে। গত দুই সপ্তাহ ধরে নোংরা, দুর্গন্ধযুক্ত এবং শেওলাযুক্ত পানি নিয়ে দুর্ভোগে রয়েছেন গ্রাহকরা। প্রতি বছর বিল বাড়লেও নগরের বাসিন্দারা পাচ্ছেন না বিশুদ্ধ পানি। এই সংকটকে পুঁজি করে নগরজুড়ে রমরমা ব্যবসা করছে বোতলজাত পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। চিকিৎসকরা বলছেন, নোংরা, দুর্গন্ধযুক্ত পানি পান করলে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, জন্ডিস, চর্মরোগসহ পানিবাহিত রোগের সমস্যা দেখা দিতে পারে। তাই নগরের বাসিন্দাদের এক্ষেত্রে সচেতন হতে হবে।



আপনার মতামত লিখুন