আগ্রহ হারানোর শীর্ষে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ড
টানা পতন থেকে বেরিয়ে কিছুটা ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে দেশের শেয়ারবাজার। এ ঊর্ধ্বমুখী বাজারেও বিপরীত পথে হেঁটেছে কিছু প্রতিষ্ঠান। দাম বাড়ার বদলে এসব প্রতিষ্ঠানের শেয়ার বা ইউনিটের দাম কমেছে। গত সপ্তাহে দাম কমার এ তালিকায় নেতৃত্ব দিয়েছে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে দাম কমায় পাঁচদিনেই ফান্ডটির দাম সম্মিলিতভাবে ১০ কোটি টাকা কমে গেছে। বিনিয়োগকারীদের বড় অংশই এ মিউচুয়াল ফান্ডটির ইউনিট কিনতে খুব একটা আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে এ প্রতিষ্ঠানটি। গত সপ্তাহজুড়ে ফান্ডটির দাম কমেছে ১৩ দশমিক ৭০ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি ইউনিটের দাম কমেছে ১ টাকা। এতে এক সপ্তাহেই ফান্ডটির দাম সম্মিলিতভাবে কমেছে ১০ কোটি টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ফান্ডটির প্রতিটি ইউনিটের দাম দাঁড়িয়েছে ৬ টাকা ৩০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৭ টাকা ৩০ পয়সা।



আপনার মতামত লিখুন