বাংলাদেশে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, নিখোঁজ ৪০
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ সমুদ্রে রোহিঙ্গাবোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত নারী, পুরুষ, শিশুসহ ২৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবির এক সদস্যসহ নিখোঁজ রয়েছেন আরও কিছু রোহিঙ্গা। শুক্রবার (২১ মার) রাত আড়াইটায় টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া এলাকার সমুদ্রে এ ঘটনা ঘটে। নিখোঁজ বিজিবির সিপাহি টেকনাফ শাহপরীর দ্বীপ বিজিবি বিওপির অধীনে কর্মরত ছিলেন। নৌকাডুবির ঘটনা স্বীকার করে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবোঝাই একটি নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ ২৫ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাগরে উদ্ধার অভিযান চলছে। তবে নিখোঁজ বিজিবির সদস্য বিষয়ে কোনও মন্তব্য করেনি তিনি।
নৌকার মালিক আমিন বলেন, মাঝ রাতে সাগরে রোহিঙ্গাবোঝাই নৌকা ধরতে যাওয়ার কথা বলে ওই বিজিবির সদস্য আমার নৌকাটি নিয়ে যায়। পরে রোহিঙ্গা বহনকারী নৌকাটি কূলে নিয়ে আসার পথে ঢেউয়ের তোড়ে সাগরে ডুবে যায়। এতে ২৫ জনের মতো রোহিঙ্গা জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিজিবির এক সিপাহী নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে সাগরে তল্লাশি চলছে। টেকনাফের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া নৌঘাটের পাহারাদার আবদুল মান্নান বলেন, শনিবার মধ্যরাতে রোহিঙ্গাগামী নৌকা কূল ঘেঁষে যাওয়ার সময় টহলরত বিজিবির সদস্যরা দেখতে পান। তখন ঘাট থেকে একটি নৌকা নিয়ে তাদের আটকে দেন। তারপর কীভাবে রোহিঙ্গাগামী ট্রলার ডুবে যায় সেটা জানি না। তবে এ ঘটনায় ২৫ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিজিবির এক সদস্যসহ ৪০ জনের মতো রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন। তাদেরকে খুঁজতে ঘাটের একাধিক নৌকায় সাগরে তল্লাশি চালাচ্ছেন জেলেরা। নৌকাডুবির ঘটনা নিশ্চিত করে টেকনাফ শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া জেলে ঘাটের সাধারণ সম্পাদক আবদুল গফুর বলেন, গভীর রাতে শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া বরাবর রোহিঙ্গাবোঝাই একটি নৌকা অনুপ্রবেশের সময় ডুবে যাওয়ার ঘটনা শুনেছি। এ ঘটনায় অন্য নৌকায় উদ্ধার করতে যাওয়া বিজিবির এক সদস্যও নিখোঁজ থাকার খবর জেলেরা জানান। এ ছাড়া বেশ কয়েকজন রোহিঙ্গাও উদ্ধার করা হয়েছে বলে জেনেছি।



আপনার মতামত লিখুন