নিতান্ত প্রয়োজন না হলে ভারত-পাকিস্তান সফর না করার পরামর্শ
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারত ও পাকিস্তান ভ্রমণের ক্ষেত্রে কোনও ‘ভ্রমণ সতর্কতা’ জারি করা হয়নি। কিন্তু নিতান্ত প্রয়োজন না হলে ওই দেশগুলো সফর না করাই ভালো। রবিবার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। মো. তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশ এখনও ভ্রমণ সতর্কতা ইস্যু করেনি। তবে আমি মনে করি, যাদের নিতান্ত প্রয়োজন নেই, এ সংঘাতের সময়ে বরং ভ্রমণ না করাই ভালো।’
ভারত-পাকিস্তান দ্বন্দ্বের প্রভাব
দ্বন্দ্ব নিয়ে বাংলাদেশের অবস্থান
মো. তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশের অবস্থান হচ্ছে দক্ষিণ এশিয়ায় শান্তি। তিনি বলেন, ‘আমাদের অবস্থান সুস্পষ্ট। আমরা শান্তি চাই দক্ষিণ এশিয়ায়। আমরা জানি যে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাতময় অবস্থান আছে। কিন্তু আমরা চাই না যে এখানে বড় কোনও সংঘাত সৃষ্টি হোক, যেটা এ অঞ্চলের মানুষের বিপদের কারণ হয়ে উঠতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারত ও পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক বিদ্যমান এবং আমরা চাইবো তারা আলাপ-আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। আমরা ইতোমধ্যে দেখেছি যে মধ্যস্থতার প্রস্তাব দুই-একটি দেশের কাছ থেকে এসেছে। যেভাবেই হোক, মধ্যস্থতা বা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আমরা চাই উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক। মধ্যস্থতার বিষয়ে তিনি বলেন, ‘আমি মনে করি না যে এ মুহূর্তে আমাদের মধ্যস্থতার কোনও ভূমিকা নেওয়ার চেষ্টা করা উচিত। আমরা চাইবো তারা নিজেরা সমাধান করে ফেলুক। তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন, তাহলে আমরা হয়তো যাবো। তার আগে আগ বাড়িয়ে আমরা কিছু করতে চাই না।’



আপনার মতামত লিখুন