প্রতিবেদন জমার পর তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন শুরু হচ্ছে না পে-কমিশন
সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রণয়নে গঠিত পে-কমিশন বুধবার (২১ জানুয়ারি) প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে। তবে পে-কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন শুরু হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কমিশন সদস্যরা সরকারি কর্মচারীদের স্বার্থ বিবেচনায় রেখেই সুপারিশ প্রস্তুত করেছেন এবং এতে তারা সন্তুষ্ট হবেন। তবে সবার চাহিদা হুবহু বাস্তবায়ন সম্ভব না হলেও, তাদের প্রয়োজন ও প্রত্যাশা সুপারিশে প্রতিফলিত হবে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
কমিশনের সুপারিশ শতভাগ বাস্তবায়ন হবে কি না এ প্রশ্নে তিনি বলেন, সেগুলো যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, এ বিষয়ে নিকার-এ চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী এনবিআরকে দুই ভাগে ভাগ করা হচ্ছে—একটি ট্যাক্স পলিসি এবং অন্যটি ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন। বর্তমান আইআরডি কাঠামো আর থাকবে না। নিকার থেকে এই কাঠামোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, আগামী ২৭ তারিখে ট্যাক্স পলিসি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন ড. নাসিরুদ্দিন আহমেদ। এই প্রতিবেদনের ওপরও ভবিষ্যৎ রাজস্ব ব্যবস্থাপনার অনেক কিছু নির্ভর করবে।



আপনার মতামত লিখুন