তারেক রহমানের প্রতিশ্রুতিতে কী থাকছে, অপেক্ষায় সিলেটবাসী
সিলেটের পুণ্যভূমি থেকে শুরু হচ্ছে বিএনপির নির্বাচনী অভিযাত্রা। কিছু সময় পরই ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ঢাকার বাইরে এটিই তার প্রথম জনসভা। প্রিয় নেতাকে একনজর দেখার পাশাপাশি আগামী দিনে সিলেটবাসীর জন্য তিনি কী কী উন্নয়ন ও জনকল্যাণের প্রতিশ্রুতি নিয়ে আসছেন, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই অঞ্চলের নেতাকর্মীরা।
সিলেট জেলা বিএনপির সদস্য সুমন মিয়া এলাকার রাস্তাঘাটের দুরবস্থার কথা তুলে ধরেন। তাঁর প্রত্যাশা, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান যেন অগ্রাধিকার ভিত্তিতে সিলেটের সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন করেন। পাশের জেলা সুনামগঞ্জ থেকে আসা দুলু মিয়া জানান তার এলাকার প্রধান সংকট বন্যার কথা। তিনি আশা করেন, দীর্ঘদিন উন্নত দেশে থাকা তারেক রহমান সেখান থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুনামগঞ্জবাসীকে বন্যার হাত থেকে রক্ষায় স্থায়ী সমাধান দেবেন। আক্তার, সুমন কিংবা দুলু মিয়াই নন; আলিয়া মাদ্রাসা মাঠ ও আশপাশে অবস্থান নেওয়া হাজারো মানুষের চোখেমুখে এখন তারেক রহমানকে ঘিরে প্রত্যাশার ছাপ। এমনকি জনসভাস্থলের পাশের চা দোকানি জামাল মিয়াও ব্যস্ততার কারণে মাঠে যেতে না পারলেও মাইকে নেতার ঘোষণা শোনার অপেক্ষায় আছেন। তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ, নিরাপত্তা চাই, শান্তিতে চারটা ডাল-ভাত খেয়ে বাঁচতে চাই।
স্থানীয়দের মতে, তারেক রহমানের কাছে সিলেট কেবল একটি সাংগঠনিক অঞ্চল নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে গভীর পারিবারিক ও রাজনৈতিক আবেগ। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াও এই মাটি থেকেই নির্বাচনী প্রচার শুরু করতেন। সেই ঐতিহ্যের পাশাপাশি সিলেট তারেক রহমানের শ্বশুরবাড়ি হওয়ায় এখানকার মানুষের সঙ্গে তার নাড়ির টান অন্য রকম। সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করছেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



আপনার মতামত লিখুন