জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বড় বিনিয়োগের আহ্বান রাষ্ট্রদূতের
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী আকর্ষণীয় বিনিয়োগ প্রণোদনা, বিশ্বমানের অবকাঠামো এবং দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বৃহৎ পরিসরে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে জাপানে বাংলাদেশ দূতাবাস এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেমিনারে জাপানের ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা, বিনিয়োগকারী, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন।
স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত দাউদ আলী বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বলেন, দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার এখনই উপযুক্ত সময়।
তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি। আধুনিক অবকাঠামো, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্ক বিদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
রাষ্ট্রদূত আরও বলেন, কর অবকাশ (ট্যাক্স হলিডে), শুল্ক সুবিধা এবং শতভাগ মূলধন প্রত্যাবাসনের সুযোগসহ সরকারের বিভিন্ন বিনিয়োগবান্ধব নীতিমালা জাপানি উদ্যোক্তাদের জন্য বাংলাদেশকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
তিনি আশা প্রকাশ করেন, জাপানের উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞতার সঙ্গে বাংলাদেশের দক্ষ ও তরুণ জনশক্তির সমন্বয় উভয় দেশের জন্যই লাভজনক অংশীদারত্ব গড়ে তুলবে।
সেমিনারে দূতাবাসের কাউন্সেলর (পলিটিক্যাল) মুহাম্মদ সফিউল আজম এবং কাউন্সেলর (কমার্শিয়াল) মোরারজী দেশাই বর্মন বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, কৌশলগত সুবিধা এবং সম্ভাবনাময় রপ্তানি খাত নিয়ে পৃথক উপস্থাপনা করেন। তাদের উপস্থাপনায় চামড়া ও পাটজাত পণ্য, ওষুধশিল্প এবং প্লাস্টিক খাতের সম্ভাবনার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়।
জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) সভাপতি তারেক রফি ভূঁইয়া (জুন) বাংলাদেশে সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতি এবং বিনিয়োগের বাস্তব অভিজ্ঞতা অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরেন।
এছাড়া সান কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট ও সিইও শুম্পেই নাকাসোনে বাংলাদেশে ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরে জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশের দক্ষ মানবসম্পদ ব্যবহারের সম্ভাবনার কথা উল্লেখ করেন।
সেমিনারের উন্মুক্ত আলোচনা পর্বে জাপানি উদ্যোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন সুযোগ সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



আপনার মতামত লিখুন