যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য
ঢাকার ডাক আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম।
ব্লুমবার্গের এক প্রতিবেদনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পুনরায় জোরদার হওয়ার প্রেক্ষাপটে সম্প্রতি ব্রিটেনের কৌশলগত অবস্থান পর্যালোচনায় জ্যেষ্ঠ মন্ত্রী ও সরকারের নীতি-নির্ধারক কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই যুক্তরাজ্য নীতিগতভাবে মার্কিন বাহিনীকে ঘাঁটি ব্যবহারের সবুজ সংকেত দেয়। তবে এ সিদ্ধান্তের বিষয়ে ১০ ডাউনিং স্ট্রিট বা ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
এর আগে ২০২৬ সালের মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি প্রদানে অস্বীকৃতি জানিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যেকোনো ধরনের সামরিক পদক্ষেপে আন্তর্জাতিক আইনি শর্ত ও যৌক্তিকতার ওপর জোর দিয়েছিলেন তিনি।
পরবর্তীতে মধ্যপ্রাচ্যে যুক্তরাজ্যের আঞ্চলিক মিত্রদের লক্ষ্য করে ইরান পাল্টা আক্রমণ শুরু করলে নিজের অবস্থান শিথিল করেন স্টারমার। তিনি মার্কিন বাহিনীকে ইংল্যান্ডের কৌশলগত ‘আরএএফ ফেয়ারফোর্ড’ বিমানঘাঁটি এবং ভারত মহাসাগরে অবস্থিত যৌথ ‘দিয়েগো গার্সিয়া’ সামরিক ঘাঁটি ব্যবহারের প্রাথমিক অনুমতি দেন। নবনিযুক্ত প্রধানমন্ত্রী বার্নহ্যামও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন।
এদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিষয়ক মন্ত্রী পিট হেগসেথ এক চরম হুঁশিয়ারিতে জানান, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত কিংবা এই অঞ্চলের যেকোনো দেশে ইরানের আক্রমণ অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র এর কঠোরতম সামরিক জবাব দেবে।
ঢাকার ডাক নিউজ/এস



আপনার মতামত লিখুন