মেয়াদোত্তীর্ণ ওষুধ ও লাইসেন্স না থাকায় মাগুরায় দুই ফার্মেসিকে জরিমানা
মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১১টা ৩০ মিনিট থেকে বেলা ২টা পর্যন্ত লাঙ্গলবাঁধ বাজারে এ তদারকি অভিযান পরিচালিত হয়। এ সময় বাজারের বিভিন্ন ফার্মেসি ও মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান পর্যবেক্ষণ করা হয়। অভিযান পরিচালনাকালে ‘মেসার্স আব্দুল্লাহ ফার্মেসি’তে একাধিক গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয়। প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ অবস্থায় ছিল। তাছাড়াও, কোনো সনদপ্রাপ্ত ফার্মাসিস্ট ছাড়াই দোকান পরিচালনা, ফ্রিজ ও র্যাকে মেয়াদোত্তীর্ণ ইনসুলিনসহ অন্যান্য ওষুধ বিক্রয়ের জন্য সংরক্ষণ এবং বিক্রয়-নিষিদ্ধ ‘ফিজিশিয়ান স্যাম্পল’ মজুতের প্রমাণ মেলে। এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ও ৫১ ধারায় ফার্মেসির মালিক মো. মহিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দোকান থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো জব্দ করা হয়। একই অভিযানে ‘মেসার্স পপুলার ফার্মেসি’র ফ্রিজ ও র্যাকে মেয়াদোত্তীর্ণ ইনসুলিন এবং ওষুধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার সজীব মন্ডলকে আইনটির ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করে আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন মাগুরা কৃষি বিপণন কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং মাগুরা জেলা পুলিশের একটি চৌকস দল। অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি ও সচেতনতামূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।



আপনার মতামত লিখুন