রাসিকে প্রথমবার ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা
রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) প্রথমবারের মতো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর শিক্ষার্থীদের ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে এই সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা।
এ উপলক্ষে আজ সোমবার (১৭ আগস্ট) সকালে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এক ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম,রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ডঃরবিউল ইসলাম সরকার,তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের,তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন,শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ সম্পদ। একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা থাকা তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই রুয়েটের শিক্ষার্থীদের রাজশাহী সিটি কর্পোরেশনে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা সিটি কর্পোরেশনের কর্মপরিবেশ, প্রকৌশল কার্যক্রম ও নগর উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
তিনি আরও বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন শুধু নগরবাসীকে সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান নয়; তরুণ প্রজন্মের জ্ঞান, দক্ষতা ও কর্মদক্ষতা বিকাশেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রুয়েট ও রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করা হবে।
অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, রাজশাহীকে কীভাবে আরও আধুনিক, সুন্দর ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা যায়, সে লক্ষ্যেই কাজ করতে হবে।বিশ্ব দরবারে রাজশাহীকে আরও পরিচিত করে তুলতে সকলের সহযোগিতায় রাজশাহীকে আরও সবুজ, ফুলের নগরী,স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চান তিনি।
এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার কথা উল্লেখ করে বলেন,এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ, কৃষকদের ঋণ মওকুফ, ইমাম-মোয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে।
রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ডঃ রবিউল ইসলাম সরকার বলেন,আজকের দিনটি রুয়েট ও রাজশাহী সিটি কর্পোরেশন উভয়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুযোগ্য সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগেই এটি সম্ভব হয়েছে। ইতোপূর্বে দায়িত্বে থাকা অনেকের সময় শিক্ষার্থীরা এ ধরনের সুযোগ পায়নি।
ইন্টার্নশিপে অংশ নেওয়া শিক্ষার্থী আরাফ মাসুদ ও জান্নাতুন ফেরদৌস বলেন, সিনিয়ররা এই সুযোগ না পেলেও প্রথমবারের মতো তারা এই সুযোগ পেয়ে আনন্দিত। এখান থেকে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এজন্য তারা প্রশাসক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, রুয়েটের ১৮ জন শিক্ষার্থী এবার রাসিকে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন। ইন্টার্নশিপের মাধ্যমে তারা সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগসহ বিভিন্ন শাখার কার্যক্রম, নগর অবকাঠামো উন্নয়ন,সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা,নগর পরিকল্পনা এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।



আপনার মতামত লিখুন