তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৭ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা
তীব্র তুষারঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রায় ছয় কোটি মানুষ। রবিবার (৬ জানুয়ারি) থেকে দেশটির ৩০টিরও বেশি অঙ্গরাজ্যের মানুষ তীব্র তুষারপাতের সঙ্গে হাড়-কাঁপানো ঠাণ্ডায় জবুথবু হয়ে গেছে। এখন পর্যন্ত সাতটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। উত্তর মেরুর বরফাচ্ছাদিত এলাকা থেকে চরমভাবাপন্ন আবহাওয়া নিয়ে যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে এই পোলার ভরটেক্স। এটি মধ্য আটলান্টিকের দিকে অগ্রসর হচ্ছে। এর যাত্রাপথে পড়েছে আবার ওয়াশিংটন ডিসি, যেখানে সোমবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করার আয়োজন করা হয়েছে। ফলে ভারী তুষারপাত ও তীব্র শীত মোকাবিলার সব প্রস্তুতি নিয়ে রাখছে কর্তৃপক্ষ। প্রতিকূল আবহাওয়ার কারণে হাজারও ফ্লাইট বিলম্বিত বা বাতিল করা হয়েছে। এছাড়া, অনেক সড়কপথ বন্ধ রাখা হয়েছে। ক্যানসাস ও উত্তর পশ্চিম মিজৌরি অঙ্গরাজ্যের কিছু অংশে তুষারঝড় পরিস্থিতি বিরাজ করছে বলে মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে। সেখানকার রাস্তাগুলো তুষার ও বরফে ঢাকা পড়েছে। স্থানীয়দের যথাসম্ভব বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা।



আপনার মতামত লিখুন