যাদের নাম হয়, তাদের বদনামও হয়: নাসির
মাঠের বাইরের নানা ঘটনায় বরাবরই খবরের শিরোনাম হতেন নাসির হোসেন। কখনও বিশৃঙ্খল জীবন যাপনের জন্য, কখনও পারফরম্যান্স দিয়ে। সর্বশেষ খবরের শিরোনাম হয়েছিলেন দুর্নীতির তথ্য গোপনের দায়ে। দেড় বছরের নিষেধাজ্ঞা শেষে সোমবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ দিয়ে মাঠে ফিরেছেন। এদিন রূপগঞ্জ টাইগার্সের জার্সিতে খেলতে নেমে লম্বা বিরতির ইতি টেনেছেন তিনি। বল হাতে ১ উইকেট ও ব্যাট হাতে ৯ রান করে দলের জয়ে কিছুটা অবদানও রেখেছেন। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজেকে নিয়ে নাসির বলেছেন, ‘যাদের নাম থাকবে, তাদের বদনামও থাকবে।
২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে একটি আইফোন উপহার নেন নাসির। সেই তথ্য-ই গোপন করেন তিনি। তথ্য গোপন করায় তাকে নিয়ে তদন্তে নামে আইসিসি। পরে অবশ্য সেই অপরাধ নাসির শিকার করে নেন। নিয়ম ভাঙায় নাসিরকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। যেখানে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। শাস্তির শর্ত পূরণ করায় গতকাল (রবিবার) থেকে নাসিরের ওপর থাকা নিষেধাজ্ঞা উঠে গেছে। মাঠে ফেরার পর গণমাধ্যমকে নাসির জানালেন নিজের অনুভূতির কথা, ‘অবশ্যই ভালো লাগছে। যেই জিনিসটা মিস করছিলাম, ক্রিকেট খেলা। তাই অবশ্যই খুব ভালো লাগতেছে অনেক দিন পর ক্রিকেট খেলে।’
কেন নিজেকে দুর্ভাগা ভাবছেন তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘মানুষ চাইলে সব কিছুই পারে। ফিরে আসা বলতে… দেড় বছর তো। আমি একটু আনলাকি এই কারণে বলবো যে, আমার দেড় বছর যেখান থেকে শুরু হয়েছে, আমি দুইটা মৌসুম মিস করে ফেলেছি। দুইটা বিপিএল আর এটাসহ দুইটা প্রিমিয়ার লিগ। তাই এদিক থেকে আমি আনলাকি। যদি একটা মিস হতো, তাহলে ঠিক ছিল। আবাহনীসহ বেশ কয়েকটি দল থেকেই প্রস্তাব পেয়েছিলেন এই অলরাউন্ডার। কিন্তু বেছে নিয়েছেন রূপগঞ্জ টাইগার্সকে। কি কারণে রূপগঞ্জকে বেছে নেওয়া- এর উত্তরে নাসির বলেছেন, ‘প্রস্তাব ছিল অনেক দলের। তবে আমার কাছে যেটা ম্যাটার করে, প্রায়োরিটি আর কীভাবে আমার সঙ্গে আচরণ করছেন। যেহেতু সুপার লিগ খেলার কথা ছিল… আমি কোনও দলের অপশন হয়ে থাকতে চাই না যে এই খেলোয়াড় গেলে আমি খেলবো বা এই খেলোয়াড় থাকলে আমি খেলবো না। এই ধরনের অপশন হয়ে কখনও থাকতে চাই না। হ্যাঁ, প্রস্তাব ছিল। তারা শুধু প্রস্তাবই দিয়েছে, আর কোনও কিছু দেয়নি (হাসি)।’
মাঠের বাইরে এবং মাঠের ভেতরে অনেক কিছুই নাসিরকে ম্যানেজ করতে হয়েছে। এই মুহূর্তে সব বিতর্ক ছাপিয়ে সুখের সংসারে হাবুডবু খাচ্ছেন এই অলরাউন্ডার। সোমবার নতুন করে ক্রিকেটে প্রত্যবর্তনের দিনে নাসিরের উপলব্দি জানতে চাওয়া হয়েছিল। নাসির যেন ক্ষুব্ধ হয়ে উঠলেন, ‘আলহামদুলিল্লাহ্। আমার একটা সন্তান আছে। পরিবার আছে। সুখে আছি। ভালো আছি। যাদের নাম হয়, তাদের বদনামও হয়। এটাই স্বাভাবিক। আর এখন তো আমরা অনলাইন মিডিয়ায় নিজেদের টিআরপি বাড়ানোর জন্য যা-তা করে নিউজ করি। এটা সত্যি কথা। আমার মনে হয়, এরকম না করাই ভালো। কারণ আপনাদের একটা নিউজ আর কিছু লাইকের জন্য একটা পরিবারে সমস্যা হতে পারে। এটা আপনারাও ভালো জানেন। যদি আপনাদের পরিবারের সঙ্গে হয়, তখন বুঝতে পারবেন।’



আপনার মতামত লিখুন