খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দিতে ‘চ্যাটজিপিটি হেলথ’ চালু, যেভাবে কাজ করবে এটি

-ডা. খান ইফতেখার, মেডিকেল ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ
স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দিতে ‘চ্যাটজিপিটি হেলথ’ চালু, যেভাবে কাজ করবে এটি

‎ওপেনএআই তাদের জনপ্রিয় এআই চ্যাটবটের নতুন অভিজ্ঞতা ‘চ্যাটজিপিটি হেলথ’ চালু করেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিরাপদভাবে নিজেদের চিকিৎসা নথি  ও বিভিন্ন  স্বাস্থ্যবিষয়ক অ্যাপ চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত করতে পারবেন। এর ফলে স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ে আরও ব্যক্তিকেন্দ্রিক তথ্য ও সহায়তা পাওয়া যাবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
‎
‎আনুষ্ঠানিকভাবে বুধবার (৭ জানুয়ারি) এই ফিচার ঘোষণা করে ওপেনএআই। প্রতিষ্ঠানটির অ্যাপ্লিকেশন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিজি সিমো এক ব্লগ পোস্টে জানান, চ্যাটজিপিটি হেলথের লক্ষ্য হলো চ্যাটজিপিটিকে একটি “ব্যক্তিগত সুপার-অ্যাসিস্ট্যান্ট”-এ পরিণত করা, যা জীবনের নানা ক্ষেত্রে ব্যবহারকারীদের তথ্য ও প্রয়োজনীয় টুল দিয়ে সহায়তা করবে। তাঁর মতে, বর্তমান স্বাস্থ্যব্যবস্থা রোগী ও চিকিৎসক উভয়ের জন্যই জটিল হয়ে উঠেছে, আর সেই জায়গায় এআই কার্যকর ভূমিকা রাখতে পারে।
‎
‎ওপেনএআইয়ের তথ্যমতে, স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে চ্যাটজিপিটিতে অনেক প্রশ্ন করা হয়। প্রতি সপ্তাহে শত কোটি ব্যবহারকারী স্বাস্থ্যসংক্রান্ত নানা প্রশ্ন করে থাকেন। চ্যাটজিপিটি হেলথ সেই অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নিচ্ছে, যেখানে ব্যবহারকারীর নিজস্ব স্বাস্থ্যতথ্যের ভিত্তিতে উত্তর হবে আরও প্রাসঙ্গিক ও বাস্তবসম্মত।
‎
‎নিরাপত্তা নিয়ে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে এই ফিচারে। ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটি হেলথের জন্য আলাদা একটি সুরক্ষিত স্পেস থাকবে। এখানে সংযুক্ত ফাইল, কথোপকথন ও অ্যাপের তথ্য অন্যান্য চ্যাট থেকে সম্পূর্ণ আলাদা থাকবে। এসব তথ্য ওপেনএআইয়ের মূল এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হবে না। এছাড়া স্বাস্থ্যসংক্রান্ত কথোপকথন সুরক্ষিত রাখতে বিশেষ এনক্রিপশন ও ডেটা আইসোলেশন ব্যবস্থাও যুক্ত করা হয়েছে।
‎
‎তবে ওপেনএআই স্পষ্ট করে জানিয়েছে, চ্যাটজিপিটি হেলথ কোনোভাবেই চিকিৎসকের বিকল্প নয়। এটি রোগ নির্ণয় বা চিকিৎসার জন্য ব্যবহার করা যাবে না। বরং দৈনন্দিন স্বাস্থ্যসংক্রান্ত প্রশ্ন, রিপোর্ট বোঝা বা সুস্থতা ব্যবস্থাপনায় সহায়ক তথ্য দেয়াই এর মূল উদ্দেশ্য।
‎
‎চ্যাটজিপিটি হেলথের জন্য ওপেনএআই যুক্তরাষ্ট্রভিত্তিক ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম বিওয়েলের সঙ্গে অংশীদারিত্ব করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবেন কোথায় ও কীভাবে তাদের স্বাস্থ্যতথ্য ব্যবহৃত হবে। প্রাথমিকভাবে এই ফিচার ব্যবহারের জন্য ব্যবহারকারীদের একটি ওয়েটলিস্টে নাম লেখাতে হবে। ধাপে ধাপে এটি চালু করা হচ্ছে এবং বর্তমানে কিছু সুবিধা শুধু যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ। ভবিষ্যতে ধীরে ধীরে অন্যান্য দেশেও এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ওপেনএআই।
‎
‎সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

ঢাকার ডাক বিনোদন ডেস্ক: অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। অস্কারের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার জন্য সিনেমাটিকে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম বাংলাদেশের নির্বাচিত সিনেমা হিসেবে ‘রইদ’-এর নাম ঘোষণা করেন।

অস্কার বাংলাদেশ কমিটি জানিয়েছে, ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়সীমা ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে। এগুলো হলো—রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।

তবে পরবর্তী সময়ে ‘মানুষের বাগান’ স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। ফলে বাকি চারটি চলচ্চিত্র নিয়ে পর্যালোচনা করে অস্কার বাংলাদেশ কমিটি। চলচ্চিত্রগুলোর বিভিন্ন দিক বিশ্লেষণের পর সর্বসম্মত সিদ্ধান্তে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য ‘রইদ’ সিনেমাকে চূড়ান্ত করা হয়।

ড. মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের অস্কার বাংলাদেশ কমিটিতে ছিলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।

রইদ’ নির্মাতা মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তার নির্মিত প্রথম সিনেমা ‘হাওয়া’ দেশ-বিদেশে আলোচিত হয়। এবার ‘রইদ’-এর মাধ্যমে অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই নির্মাতা।

বাংলাদেশ থেকে অস্কারে সিনেমা পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচিত হয়েছে ‘রইদ’। পরবর্তী ধাপে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া চলচ্চিত্রগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে সিনেমাটি।অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৭ সালের ১৪ মার্চ অনুষ্ঠিত হবে ৯৯তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার।