তারুণ্য ধরে রাখতে যেসব খাবার খাবেন, যেগুলো এড়িয়ে চলবেন
বয়স বৃদ্ধি জীবনের এক অনিবার্য বাস্তবতা। তবে বয়স বাড়লেও ত্বকের তারুণ্য, উজ্জ্বলতা ও সতেজতা ধরে রাখতে চান প্রায় সবাই। অনেকেই এ জন্য দামি প্রসাধনী, ক্রিম বা সেরামের ওপর নির্ভর করেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, সুস্থ ও তারুণ্যময় ত্বকের মূল ভিত্তি হলো সঠিক খাদ্যাভ্যাস।
বিজ্ঞানীরা বলছেন, শরীরে ‘অক্সিডেটিভ স্ট্রেস’ এবং দীর্ঘস্থায়ী প্রদাহ দ্রুত বার্ধক্যের অন্যতম প্রধান কারণ। কিছু খাবার এই ক্ষয় রোধ করে কোষকে সুরক্ষা দেয়, আবার কিছু খাবার বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করে।
তারুণ্য ধরে রাখতে যেসব খাবার উপকারী
ব্রকলি
পুষ্টিগুণে ভরপুর ব্রকলিতে রয়েছে প্রচুর ভিটামিন সি ও ভিটামিন কে। ভিটামিন সি কোলাজেন তৈরিতে সাহায্য করে, যা ত্বককে টানটান ও মসৃণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
লাল ক্যাপসিকাম
অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যারোটিনয়েডসমৃদ্ধ এই সবজি ত্বককে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাব থেকে রক্ষা করতে সহায়তা করে।
পালংশাক
ভিটামিন এ, সি, ই ও কে-সমৃদ্ধ পালংশাক শরীরকে আর্দ্র রাখে এবং কোষের ক্ষয় কমায়। এটি ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষায়ও কার্যকর।
মিষ্টিআলু
মিষ্টিআলুতে থাকা বিটাক্যারোটিন শরীরে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। এটি ত্বকের নমনীয়তা বাড়াতে এবং নতুন কোষ গঠনে সহায়তা করে।
অ্যাভোকাডো
সুস্থ চর্বি ও ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ অ্যাভোকাডো শরীরের প্রদাহ কমায় এবং ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে।
পেঁপে
পেঁপেতে থাকা প্যাপেইন এনজাইম হজমশক্তি উন্নত করে। পাশাপাশি এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়ক।
বাদাম
কাঠবাদাম ও আখরোটে থাকা ভিটামিন ই ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং কোষের সুরক্ষা নিশ্চিত করে।
ডালিম
ডালিমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও বিশেষ কিছু যৌগ কোষের শক্তি উৎপাদনকারী মাইটোকন্ড্রিয়ার কার্যকারিতা উন্নত করে এবং বয়সজনিত ক্ষয় কমাতে সহায়তা করে।
যে খাবারগুলো দ্রুত বার্ধক্য ডেকে আনে
ভাজাপোড়া ও অতিরিক্ত ঝাল খাবার
উচ্চ তাপমাত্রায় রান্না করা খাবার শরীরে ফ্রি র্যাডিক্যাল তৈরি করে, যা কোষের ক্ষতি করে এবং ত্বকে দ্রুত বলিরেখা ফেলতে পারে।
চিনি ও ডালডা
অতিরিক্ত চিনি কোলাজেন ও ইলাস্টিনের ক্ষতি করে, ফলে ত্বক ঝুলে পড়ে। অন্যদিকে ডালডায় থাকা ট্রান্সফ্যাট শরীরের জন্য ক্ষতিকর এবং ত্বকের স্বাস্থ্যেরও অবনতি ঘটায়।
প্রক্রিয়াজাত মাংস ও পোড়া গ্রিল
এসব খাবারে থাকা অতিরিক্ত সোডিয়াম ও রাসায়নিক উপাদান ত্বককে পানিশূন্য করে এবং বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ায়।
কোমল পানীয়, অতিরিক্ত ক্যাফেইন ও অ্যালকোহল
অতিরিক্ত চিনিযুক্ত কোমল পানীয় শরীরের কোষের বয়স দ্রুত বাড়ায়। ক্যাফেইন ও অ্যালকোহল শরীরকে পানিশূন্য করে ত্বকের উজ্জ্বলতা কমিয়ে দেয়।
সুষম খাদ্যই তারুণ্যের চাবিকাঠি
বিশেষজ্ঞদের মতে, তারুণ্য ধরে রাখার জন্য প্রিয় সব খাবার একেবারে ত্যাগ করার প্রয়োজন নেই। বরং সুষম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিদিনের খাদ্যতালিকায় বেশি করে রঙিন শাকসবজি, ফলমূল, বাদাম ও পুষ্টিকর খাবার রাখলে দীর্ঘদিন ত্বক ও শরীর সতেজ ও প্রাণবন্ত রাখা সম্ভব।

আপনার মতামত লিখুন