আগুনে পুড়িয়ে দেওয়া হলো মোটরসাইকেল
ঘুম থেকে ডেকে এনে নৃশংস হত্যা
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় সোহেল মুন্সী (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর তার ব্যবহৃত মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়। বুধবার (১৭ জুন) দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল মুন্সী কালুরগাঁও গ্রামের মৃত ইসমাইল মুন্সীর ছেলে। তিনি পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান সোহেল। সম্প্রতি সন্তান জন্ম দেওয়ায় তার স্ত্রী নূপুর বেগম শাশুড়ি সেফালি বেগমের সঙ্গে অন্য ঘরে অবস্থান করছিলেন। গভীর রাতে বাড়ির উঠান থেকে শব্দ পেয়ে তারা ঘুম থেকে জেগে ওঠেন। ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে দেখতে পান বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে।
পরে পেছনের দরজা দিয়ে বাইরে এসে তারা দেখতে পান উঠানে সোহেলের মোটরসাইকেলে আগুন জ্বলছে। একই সঙ্গে সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সোহেল মুন্সীর মরদেহ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গভীর রাতে অজ্ঞাত পরিচয়ের এক বা একাধিক ব্যক্তি সোহেলকে ঘুম থেকে ডেকে বাইরে নিয়ে আসে। এরপর বাড়ির উঠানেই ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে কিংবা আলামত নষ্টের উদ্দেশ্যে তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
নিহতের স্ত্রী নূপুর বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার বিয়ে হয়েছে মাত্র এক বছর দুই মাস। আমার ৪০ দিনের একটি ছেলে সন্তান রয়েছে। এখন সে কাকে বাবা ডাকবে? যারা আমার সন্তানকে এতিম করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এবং নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, হত্যার পেছনে ব্যক্তিগত বিরোধ, ব্যবসায়িক দ্বন্দ্ব কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে ঘটনার বিস্তারিত জানা যাবে।



আপনার মতামত লিখুন