খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বন্ধুর বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল দুই বন্ধুর

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১০:০৪ অপরাহ্ণ
বন্ধুর বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল দুই বন্ধুর

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মাওনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত দুই বন্ধু ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালে এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত মধ্যরাতে শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার সারেংকান্দি গ্রামের হাসিন সিকদারের ছেলে সোলেমান সিকদার (২২) এবং ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে কাওসার হোসেন (২৮)। সোলেমান কেরানীগঞ্জে ব্যবসা করতেন এবং কাওসার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কর্মসূত্রে তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান নিহতদের স্বজন মোহাম্মদ আলী শান্তর বরাত দিয়ে জানান, চার বন্ধু—সোলেমান সিকদার, কাওসার হোসেন, আরিফ ও সাজ্জাদ—দুটি মোটরসাইকেলে করে কেরানীগঞ্জ থেকে ত্রিশালের উদ্দেশে রওনা দেন। রাতের দিকে তারা শ্রীপুরের সীমান্তবর্তী জৈনাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক কাওসার ও সোলেমান বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক দুর্ঘটনার পর পালিয়ে যায়।

ওসি আরও জানান, নিহতদের স্বজনদের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।

অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

ঢাকার ডাক বিনোদন ডেস্ক: অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। অস্কারের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার জন্য সিনেমাটিকে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম বাংলাদেশের নির্বাচিত সিনেমা হিসেবে ‘রইদ’-এর নাম ঘোষণা করেন।

অস্কার বাংলাদেশ কমিটি জানিয়েছে, ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়সীমা ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে। এগুলো হলো—রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।

তবে পরবর্তী সময়ে ‘মানুষের বাগান’ স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। ফলে বাকি চারটি চলচ্চিত্র নিয়ে পর্যালোচনা করে অস্কার বাংলাদেশ কমিটি। চলচ্চিত্রগুলোর বিভিন্ন দিক বিশ্লেষণের পর সর্বসম্মত সিদ্ধান্তে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য ‘রইদ’ সিনেমাকে চূড়ান্ত করা হয়।

ড. মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের অস্কার বাংলাদেশ কমিটিতে ছিলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।

রইদ’ নির্মাতা মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তার নির্মিত প্রথম সিনেমা ‘হাওয়া’ দেশ-বিদেশে আলোচিত হয়। এবার ‘রইদ’-এর মাধ্যমে অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই নির্মাতা।

বাংলাদেশ থেকে অস্কারে সিনেমা পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচিত হয়েছে ‘রইদ’। পরবর্তী ধাপে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া চলচ্চিত্রগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে সিনেমাটি।অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৭ সালের ১৪ মার্চ অনুষ্ঠিত হবে ৯৯তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার।