খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

 আইনি জটিলতায় কঙ্গনা অভিনীত সিনেমা কুইন ২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
 আইনি জটিলতায় কঙ্গনা অভিনীত সিনেমা কুইন ২

ঢাকার ডাক বিনোদন ডেস্ক: কঙ্গনা রানাউত অভিনীত বহুল আলোচিত সিনেমা কুইন ২। শুটিং শেষ হওয়ার পরই ছবিটির বিরুদ্ধে ২৫০ কোটি রুপির মামলা করেছে ‘কুইন’এর মূল প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যান্টম স্টুডিওস।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, ‘কুইন’-এর মেধাস্বত্ব (আইপি) লঙ্ঘনের অভিযোগ এনে জিওস্টারের বিরুদ্ধে আদালতে মামলা করেছে ফ্যান্টম স্টুডিওস। সংস্থাটির দাবি, তাদের অনুমতি ছাড়াই ‘কুইন’-এর সিক্যুয়াল নির্মাণ করা হয়েছে, যা কপিরাইট ও মালিকানার শর্তের পরিপন্থী।

ফ্যান্টম স্টুডিওসের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, আদালতের শরণাপন্ন হওয়ার আগে জিওস্টার এবং পরিচালক বিকাশ বহেলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে আপত্তির বিষয়টি জানানো হয়েছিল। এমনকি আইনি নোটিশও পাঠানো হয়।

চলতি বছরের শুরুতে ‘কুইন ২’-এর শুটিং শুরু হয়। সম্প্রতি সিনেমাটির দৃশ্যধারণ শেষ হয়েছে এবং বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। ফ্যান্টমের দাবি, এসব অগ্রগতির বিষয়েও তারা অবগত ছিল। তাই অনুমতি ছাড়া কাজ এগোনোর অভিযোগেই দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

২০১৪ সালে মুক্তি পাওয়া ‘কুইন’ সমালোচক ও দর্শক—উভয়ের কাছেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। সিনেমাটিতে অভিনয়ের জন্য কঙ্গনা রানাউত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মান অর্জন করেন। ছবিটি মোট দুটি জাতীয় পুরস্কার জিতেছিল। সিনেমাটির প্রযোজনায় ছিল ভায়াকম১৮ মোশন পিকচার্স ও ফ্যান্টম ফিল্মস।

২০১৮ সালে ফ্যান্টম ফিল্মসের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ২০২১ সালে ফ্যান্টম স্টুডিওস নামে নতুনভাবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। তাদের দাবি, ‘কুইন’-এর মেধাস্বত্বের ৫০ শতাংশ মালিকানা এখনো তাদের কাছেই রয়েছে। ফলে সিক্যুয়াল নির্মাণের আগে তাদের অনুমতি নেওয়া বাধ্যতামূলক ছিল।

জানা গেছে, বিষয়টি আদালতে যাওয়ার আগে দুই পক্ষের মধ্যে সমাধান না আসায় শেষ পর্যন্ত আইনি লড়াইয়ের পথই বেছে নিয়েছে ফ্যান্টম স্টুডিওস।

ঢাকার ডাক নিউজ/এস

অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

ঢাকার ডাক বিনোদন ডেস্ক: অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। অস্কারের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার জন্য সিনেমাটিকে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম বাংলাদেশের নির্বাচিত সিনেমা হিসেবে ‘রইদ’-এর নাম ঘোষণা করেন।

অস্কার বাংলাদেশ কমিটি জানিয়েছে, ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়সীমা ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে। এগুলো হলো—রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।

তবে পরবর্তী সময়ে ‘মানুষের বাগান’ স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। ফলে বাকি চারটি চলচ্চিত্র নিয়ে পর্যালোচনা করে অস্কার বাংলাদেশ কমিটি। চলচ্চিত্রগুলোর বিভিন্ন দিক বিশ্লেষণের পর সর্বসম্মত সিদ্ধান্তে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য ‘রইদ’ সিনেমাকে চূড়ান্ত করা হয়।

ড. মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের অস্কার বাংলাদেশ কমিটিতে ছিলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।

রইদ’ নির্মাতা মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তার নির্মিত প্রথম সিনেমা ‘হাওয়া’ দেশ-বিদেশে আলোচিত হয়। এবার ‘রইদ’-এর মাধ্যমে অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই নির্মাতা।

বাংলাদেশ থেকে অস্কারে সিনেমা পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচিত হয়েছে ‘রইদ’। পরবর্তী ধাপে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া চলচ্চিত্রগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে সিনেমাটি।অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৭ সালের ১৪ মার্চ অনুষ্ঠিত হবে ৯৯তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার।