জাতীয় রাজস্ব বোর্ড এর নির্দেশনায় কর অঞ্চলসমূহের বিশেষ টিম দেশব্যাপী উৎসে কর কর্তন মনিটরিং
জাতীয় রাজস্ব বোর্ড এর নির্দেশনায় কর অঞ্চলসমূহের বিশেষ টিম দেশব্যাপী উৎসে কর কর্তন মনিটরিং ও যাচাইকরণ কার্যক্রম জোরদার করেছে। আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৪৭ এর অধীনে কর কর্মকর্তাদের কর্মপরিধি সম্পর্কে সচেতন থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৪৭ অনুসারে কর কর্মকর্তাগণ যে সকল পদক্ষেপ গ্রহণ করতে পারবেন:
* যেকোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, ব্যবসা কেন্দ্র বা দপ্তরে বিনা বাধায় প্রবেশ ও সরেজমিনে পরিদর্শন;
* প্রতিষ্ঠানের হিসাবের বই, ভাউচার, ব্যাংক স্টেটমেন্ট, রসিদ এবং অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কিত যেকোনো নথিপত্র পরীক্ষা ও তলব করা;
* প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম, ক্লাউড সার্ভার, ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষিত তথ্য পরীক্ষা এবং প্রয়োজনে পাসওয়ার্ড বা এনক্রিপশন ভাঙার মাধ্যমে প্রবেশ করা;
* উৎসে কর্তিত করের সত্যতা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় হিসাবের খাতা, নথিপত্র, ইলেকট্রনিক রেকর্ড বা ডিভাইস সাময়িকভাবে জব্দ করা ও নিজস্ব হেফাজতে রাখা;
* যেকোনো নথিপত্র, ইমেজ বা অ্যাকাউন্টের কপি সংগ্রহ করা এবং তাতে সনাক্তকরণ চিহ্ন বা সিল মোহর ব্যবহার করা;
রাজস্ব আহরণের বর্ণিত কার্যক্রমে কোন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি বা অসহযোগিতার জন্য ১৪৭ (২) ধারায় জরিমানার বিধান রয়েছে।
সম্মানিত করদাতাগণকে সঠিক আইনী ধারা এবং আয়কর জমাকরণের সুনির্দিষ্ট অর্থনৈতিক কোড উল্লেখপূর্বক এ-চালানের মাধ্যমে উৎসে কর্তিত কর সরকারি কোষাগারে জমা প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
ধারা ১৪৭ এর প্রয়োগ সংক্রান্ত যে কোন অস্পষ্টতা, জটিলতা, হয়রানি কিংবা সংক্ষুব্ধতায় সরাসরি জাতীয় রাজস্ব বোর্ডের ১৪৭ ধারা সংক্রান্ত কমিটির সদস্য সচিব বরাবর ই-মেইল ([email protected]) এর মাধ্যমে যোগাযোগ করার জন্য করদাতাগণকে পরামর্শ দেয়া হলো।
-জাতীয় রাজস্ব বোর্ড



আপনার মতামত লিখুন