খতমে নবুওয়াত সম্মেলনে ঐক্যের আহ্বান
ময়মনসিংহের ভালুকায় ইমাম ও উলামা পরিষদের উদ্যোগে খতমে নবুওয়াত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইমাম, খতিব, আলেম-উলামা ও প্রতিনিধিদের অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইমাম ও উলামা পরিষদের সভাপতি শাইখুল হাদিস আল্লামা আব্দুল মজিদের সভাপতিত্বে এবং মাওলানা মামুনুর রশীদ ও হাফেজ জাকির হোসাইনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ-এর আমীর আল্লামা আব্দুল হামিদ।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ফয়জুর রহমান মোমেনশাহীর মুহতামিম আল্লামা আব্দুল হক ও মুফতি কামাল হোসেন।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্যের পক্ষে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ।
বক্তারা খতমে নবুওয়াতের আকিদা সংরক্ষণ, ইসলামী শিক্ষা বিস্তার, সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মুসলিম উম্মাহর ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, দ্বীনি শিক্ষার প্রসার ও ইসলামী মূল্যবোধভিত্তিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠন সম্ভব।
আলোচনা সভা শেষে প্রতিনিধি সম্মেলনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সময় ইমাম ও উলামা পরিষদের সহ-সভাপতি মুফতি শাহজাহানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন