বেনাপোল বিশেষ অভিযানে ৯৭ বোতল উইনসিরেক্স উদ্ধার
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় পশ্চিমপাড়া এলাকায় ভোররাতের বিশেষ সাঁড়াশি অভিযানে ৯৭ বোতল অবৈধ মাদকদ্রব্য উইনসিরেক্স কফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য ৯৭ হাজার টাকা বলে জানিয়েছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১০ আগস্ট ২০২৬) ভোর ৪টা ৫০ মিনিটে বেনাপোল পোর্ট থানার এএসআই (নিঃ) মোঃ সবুজ আলী, বিপি-৯৭১৭২০০৮৫৩, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ভবেরবেড় গ্রামের জনৈক মোঃ আওয়াল (৪৫) এর বাড়ির গেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ভবেরবেড় (পশ্চিমপাড়া) এলাকার মৃত শফি মোড়লের ছেলে মোঃ সুজন মোড়ল (৩১) কে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ৯৭ বোতল WINCEREX COUGH SYRUP উদ্ধার করা হয়। প্রতিটি বোতল ১০০ মিলিলিটার করে মোট ৯ হাজার ৭০০ মিলিলিটার কোডিনযুক্ত কফ সিরাপ জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত প্রতিটি বোতলের গায়ে ইংরেজিতে “Codeine Phosphate & Tripolidine Hydrochloride Syrup – WINCEREX COUGH SYRUP 100ml” লেখা ছিল বলে পুলিশ জানিয়েছে। এ ধরনের সিরাপ মাদক হিসেবে অপব্যবহৃত হয়ে থাকে।
এছাড়াও ধৃত আসামির পরিহিত লুঙ্গির ডান কোচড় থেকে একটি VIVO 1920 মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। ফোনটির আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।
বেনাপোল পোর্ট থানার ওসি আরশাফ আলী এ বিষয়ে বলেন, “বেনাপোল পোর্ট এলাকায় কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম, মাদক ব্যবসা বা অপরাধমূলক তৎপরতা চলতে দেওয়া হবে না। সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।”
পুলিশ আরও জানায়, জব্দকৃত মাদক ও মোবাইল ফোন আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে এবং ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
স্থানীয়দের মতে, সীমান্তঘেঁষা এলাকায় মাদক চোরাচালান রোধে পুলিশের ধারাবাহিক অভিযানে মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভোররাতের এই অভিযানে বিপুল পরিমাণ কোডিন সিরাপ উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



আপনার মতামত লিখুন