রাজশাহী সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক
রাজশাহীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মোঃ রিপন আলী (২০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর মাজারদিয়া বিওপির একটি আভিযানিক দল দামকুড়া থানার ফরেস্ট বাগান এলাকায় পদ্মা নদীর চরে অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে বিজিবির সদস্যরা সেখানে অবস্থান নেন। একপর্যায়ে ভারতীয় সীমান্তের দিক থেকে একটি মোটরসাইকেলে এক যুবককে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই যুবক দ্রুত ইউটার্ন নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে তিনি মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
আটক যুবককে জিজ্ঞাসাবাদে তার মোটরসাইকেলের সিটের নিচে ভারতীয় অবৈধ মালামাল থাকার কথা স্বীকার করেন। পরে মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচে থাকা একটি ব্যাগ থেকে ১৬ বোতল ভারতীয় ‘ব্রণ কফ সিরাপ’ জব্দ করা হয়।
আটক রিপন আলী রাজশাহীর দামকুড়া থানার চর মাজারদিয়া পূর্বপাড়া গ্রামের মোঃ সাত্তার মোল্লার ছেলে।
এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন (সিম্ফনি) ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। আটক ব্যক্তি, জব্দকৃত মাদকদ্রব্য, মোবাইল ফোন ও মোটরসাইকেল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দামকুড়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।



আপনার মতামত লিখুন