রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও ভারতীয় মদ আটক
রাজশাহী সীমান্তে পৃথক দুটি অভিযানে ৩১০ পিস ভারতীয় ইয়াবা ও ৫৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ ১২ আগস্ট মঙ্গলবার রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করছে রাজশাহী ব্যাটালিয়ন। এরই অংশ হিসেবে গত ১১ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তালাইমারী বিওপির টহল দল মতিহার থানার জাহাজ ঘাট এলাকায় কলা বাগানে অবস্থান নেয়। এসময় এক মাদক ব্যবসায়ী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি ধাওয়া করে। তখন ওই ব্যক্তি একটি পলিথিন প্যাকেট ফেলে পালিয়ে যায়। প্যাকেট থেকে ৩১০ পিস ভারতীয় ইয়াবা জব্দ করা হয়।
অপরদিকে আজ ভোর সাড়ে ৪টার দিকে প্রেমতলী বিওপির টহল দল গোদাগাড়ী থানার ফরাদপুর এলাকায় অভিযান চালায়। এসময় ফরেস্ট বাগানে থাকা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ওই বাগান তল্লাশি করে পরিত্যক্ত একটি বস্তা থেকে ৫৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য মতিহার ও গোদাগাড়ী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



আপনার মতামত লিখুন