বিজিবি’র অভিযানে ৫.৮২ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্যসহ গ্রেফতার ১
যশোর সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বিভিন্ন বিওপি ও চেকপোষ্টের টহলদল কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা, শাড়ী, কসমেটিক্স এবং অন্যান্য চোরাচালান মালামালসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৫,৮২,৮০০/- (পাঁচ লক্ষ বিরাশি হাজার আটশত) টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, অদ্য ১৩ আগস্ট ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের কাশিপুর ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এই আভিযানিক কার্যক্রমের মাধ্যমে ০১ জন আসামীসহ ভারতীয় ১৬ পিস ইয়াবা, ৬২টি দামী শাড়ী, ০৩টি কম্বল, ১১ প্যাকেট ফুসকা, ১৮টি বিভিন্ন প্রকার ঔষধ এবং ২৯০টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।
আসামীর নাম মো. সোহেল (৩৮)। তিনি যশোর জেলার শার্শা থানার কাশিপুর শেখপারা গ্রামের আইয়ুব খানের ছেলে। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও চোরাচালান বিরোধী আইনে মামলা দায়েরের পর তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
এই সফল অভিযানের বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন যাবৎ সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল পাচারকারী চক্রগুলোকে আইনের আওতায় আনার জন্য বিজিবি’র বিশেষ পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, “আমাদের এই নিয়মিত অভিযানের ফলেই আজ বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরণের মাদক ও চোরাচালান বিরোধী আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যহত থাকবে এবং আমরা মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়তে অঙ্গীকারবদ্ধ।”
এই বড় ধরনের আটকের ফলে স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং বিজিবির প্রতি আস্থা আরও সুদৃঢ় হয়েছে। এলাকার সচেতন মহল বিজিবি’র এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন।



আপনার মতামত লিখুন