রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭ জন
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবা, ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ লাখ ১৩ হাজার ১৩০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় নারীসহ সাতজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চন্দ্রিমা, পবা, রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ মঙ্গলবার ও বুধবার এসব অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, বুধবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ শিরোইল কলোনি এলাকায় অভিযান চালিয়ে মো. তসলিম (৩৮) ও নাহিনা হাসান নিলয় (২১) কে গ্রেপ্তার করে। এ সময় তসলিমের দোকান থেকে ৭ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৯১ হাজার টাকা এবং নিলয়ের কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তসলিমের বিরুদ্ধে বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় দুটি এবং নিলয়ের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় একটি মাদক মামলা রয়েছে।
এর আগে একই দিন বিকেল পৌনে ৩টার দিকে হাজরাপুকুর নিউ কলোনি এলাকায় অভিযান চালিয়ে শ্যামলী বেগম (৪৪) ও রাহুল ইসলাম ওরফে মুন্না (২৫) কে গ্রেপ্তার করা হয়। এ সময় শ্যামলীর বাড়ি থেকে ১৮ পিস ইয়াবা ও ২২ হাজার ১৩০ টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাহুল দীর্ঘদিন ধরে শ্যামলীর সহযোগী হিসেবে মাদক ব্যবসা করে আসছিল।
অপরদিকে, সন্ধ্যা সোয়া ৭টার দিকে পবা থানা পুলিশ হাটগোদাগাড়ী বাজারে অভিযান চালিয়ে মাইনুল ইসলাম রনি (৩৮) কে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৬ পিস ট্যাপেন্টাডল ও ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই রাতে রাত ৮টার দিকে রাজপাড়া থানা পুলিশ দাশপুকুর এলাকায় অভিযান চালিয়ে রায়হান ইসলাম অনন্ত ওরফে সোহান (২০) কে ১০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করে।
এছাড়া মঙ্গলবার (১১ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ হড়গ্রাম নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুল সাত্তার (৩৮) কে ৩ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করে।
আরএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



আপনার মতামত লিখুন