গজারিয়ায় থেমে থাকা ট্রাকে পিকাপের ধাক্কা, নিহত-১ আহত-২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় তোতা মিয়া (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের চালক ও সহকারী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কের গজারিয়া অংশের জামালদী ফুটওভার ব্রিজের সামনে কুমিল্লাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোতা মিয়া নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারুল ভূসিয়া গ্রামের আমজাদ মিয়ার ছেলে। আহতরা হলেন—পিকআপ চালক রুমান আলী রনি (২৫) সে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের নুরুজ্জামানের ছেলে। পিকআপের সহকারী সোহাগ (৩৫) সে নিহত তোতা মিয়ার ভাই।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কুমিল্লাগামী লেনে একটি পণ্যবাহী ট্রাক মহাসড়কের পাশে থেমে থাকা অবস্থায় ছিল। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়। ধাক্কার তীব্রতায় পিকআপে থাকা তোতা মিয়া ছিটকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। একই সঙ্গে চালক ও সহকারী পিকআপের ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে ভবেরচর হাইওয়ে থানার টহল পুলিশ ও গজারিয়া ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তোতা মিয়াকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আখন্দ বলেন, ‘দুর্ঘটনায় কবলিত ট্রাক ও পিকআপ দুটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



আপনার মতামত লিখুন