তেলিহাটি ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তেলিহাটি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে তেলিহাটি ইউনিয়নের আবদার লোহাই বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি আবদার লোহাই বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমীন আকন্দের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শহীদুল্লাহ বন্ধুকশি।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকার, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোড়ল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রমজান ও এরশাদ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শরাফত আলী এবং গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য রাকিবুল ইসলাম আকন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিল চলাকালে নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, সাধারণ জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে এমন কোনো সন্ত্রাস ও নৈরাজ্য তেলিহাটি ইউনিয়নে বরদাশত করা হবে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, জনগণের অধিকার রক্ষা এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি রাজপথে সোচ্চার থাকবে।
কর্মসূচিতে তেলিহাটি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।



আপনার মতামত লিখুন