সিএমপির সাবেক কমিশনার কারাগারে, জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে তাকে আদালতে সোপর্দ করে সাত দিনের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেছে পুলিশ। আদালত শুনানি শেষে রিমান্ডের পরিবর্তে তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা এ আদেশ দেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার এ এ এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ঢাকা থেকে গ্রেফতার সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে বিকালে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত রিমান্ড মঞ্জুর করেননি। তবে তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া অংশ নেন। আসামিদের কয়েকজনের নির্দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করা হয়। অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আসামিদের অনেকে হামলায় যোগ দেন। গত বছরের ১৮ জুলাই নগরের চান্দগাঁও এলাকায় গুলিতে আহত হলে হাসপাতালে ভর্তি করা হয় হৃদয়কে। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ২৩ জুলাই মারা যান তিনি।
জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে চট্টগ্রামে ১০ জন নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে পাঁচ শতাধিক। এসব ঘটনায় থানা ও আদালতে প্রায় ৮২টি মামলা করা হয়।



আপনার মতামত লিখুন