খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

স্পেনের দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ
স্পেনের দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী

ঢাকার ডাক আন্তর্জাতিক ডেস্ক: রাজধানী মাদ্রিদের উত্তরে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে টানা ষষ্ঠ দিনের মতো লড়াই চালিয়ে যাচ্ছেন ৬ শতাধিক দমকলকর্মী ও সেনাসদস্য। তাদের সহায়তায় কাজ করছে ২৯টি বিমান। মঙ্গলবার কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে মোকাবিলা করা সবচেয়ে কঠিন দাবানলগুলোর এটি একটি।

মাদ্রিদ থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরের গুয়াদালাহারা প্রদেশে আগুনে ২৯ হাজার হেক্টর  জমি পুড়ে গেছে। প্রায় ১ হাজার ২০০ মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে।

গত বৃহস্পতিবার প্রত্যন্ত বনাঞ্চলে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা দ্রুত আশপাশের পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়ে।এলাকায় জনবসতি কম, পরিত্যক্ত ঝোপঝাড়ের পরিমাণ বেশি এবং তীব্র খরার কারণে আগুন নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

দমকল বিভাগ জানায়, কাস্তিয়া-লা মানচা অঞ্চলের ৩৪টি বিচ্ছিন্ন ছোট গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হওয়া ১ হাজার ২০০ মানুষের পাশাপাশি আরো ১৪টি এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে এবং আগুন থেকে দূরে থাকতে বলা হয়েছে।

 

 

 

অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

ঢাকার ডাক বিনোদন ডেস্ক: অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। অস্কারের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার জন্য সিনেমাটিকে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম বাংলাদেশের নির্বাচিত সিনেমা হিসেবে ‘রইদ’-এর নাম ঘোষণা করেন।

অস্কার বাংলাদেশ কমিটি জানিয়েছে, ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়সীমা ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে। এগুলো হলো—রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।

তবে পরবর্তী সময়ে ‘মানুষের বাগান’ স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। ফলে বাকি চারটি চলচ্চিত্র নিয়ে পর্যালোচনা করে অস্কার বাংলাদেশ কমিটি। চলচ্চিত্রগুলোর বিভিন্ন দিক বিশ্লেষণের পর সর্বসম্মত সিদ্ধান্তে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য ‘রইদ’ সিনেমাকে চূড়ান্ত করা হয়।

ড. মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের অস্কার বাংলাদেশ কমিটিতে ছিলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।

রইদ’ নির্মাতা মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তার নির্মিত প্রথম সিনেমা ‘হাওয়া’ দেশ-বিদেশে আলোচিত হয়। এবার ‘রইদ’-এর মাধ্যমে অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই নির্মাতা।

বাংলাদেশ থেকে অস্কারে সিনেমা পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচিত হয়েছে ‘রইদ’। পরবর্তী ধাপে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া চলচ্চিত্রগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে সিনেমাটি।অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৭ সালের ১৪ মার্চ অনুষ্ঠিত হবে ৯৯তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার।