বাউবির গবেষণায় নতুন মাইলফলক: প্রথম পিএইচডি ও দ্বিতীয় এমফিল ডিগ্রি অর্জন
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) সফলভাবে পিএইচডি ও এমফিল গবেষণা সম্পন্ন করেছেন দুইজন গবেষক। সম্প্রতি বাউবির একাডেমিক কাউন্সিল তাঁদের গবেষণাকর্ম চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে।
স্কুল অব এডুকেশনের (২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ) গবেষক রোকসানা গুলশান ‘রবীন্দ্রচিঠিতে প্রকৃতি ও আত্মচেতনা’ শীর্ষক গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বাউবির ইতিহাসে তিনি প্রথম পিএইচডি ডিগ্রিধারী। ২১তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এই কর্মকর্তা বর্তমানে পল্লবী সরকারি কলেজে অধ্যাপক হিসেবে কর্মরত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ এবং বাউবির অধ্যাপক ড. সোয়াইব আহমেদের তত্ত্বাবধানে তিনি এ গবেষণা সম্পন্ন করেন। মূল্যায়ন বোর্ড গবেষণাটিকে রবীন্দ্রচর্চা ও বাংলা সাহিত্য গবেষণায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করে।
অন্যদিকে, বাউবির স্কুল অব বিজনেসের গবেষক প্রনব কুমার বৈষ্ণব “Factors Influencing the Adoption of Green Management Practices in the Banking Sector of Bangladesh” শীর্ষক গবেষণার মাধ্যমে বাউবির দ্বিতীয় এমফিল ডিগ্রি অর্জন করেছেন। সোনালী ব্যাংক পিএলসি-র প্রধান কার্যালয়ে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত প্রনব কুমার বৈষ্ণবের গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফারুক আহমেদ। বাংলাদেশের ব্যাংকিং খাতে টেকসই ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনার নানাদিক নিয়ে তাঁর এই গবেষণা পরিচালিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান গবেষকদের শুভকামনা জানিয়ে বলেন, তাঁদের এই সাফল্য বাউবির গবেষণা যাত্রায় এক নতুন মাইলফলক। এসব গবেষণাকর্ম দেশের উচ্চশিক্ষা, নীতিনির্ধারণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



আপনার মতামত লিখুন