যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ছে দাবানল
ঢাকার ডাক আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনে অন্তত ৬০০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় স্পোকেন এলাকার প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর বব ফার্গুসন।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, অঙ্গরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন এবং এর আশপাশের এলাকায় প্রায় ২১ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে। স্পোকেন এলাকায় বর্তমানে ওল্ড ট্রেইলস, ফেয়ারভিউ ও মেডোভিউ—এই তিনটি বড় দাবানল সক্রিয় রয়েছে। প্রচণ্ড শুষ্ক আবহাওয়া ও দমকা হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং স্পোকেনের ভেটেরান্স অ্যাফেয়ার্স হাসপাতালের রোগীদেরও নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলজুড়ে দাবানলের ব্যাপক প্রভাব পড়েছে। ওয়াশিংটন ছাড়াও পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগনে প্রায় ১ হাজার ৩৬০ বর্গকিলোমিটার তৃণভূমি পুড়ে গেছে। সেখানে ৬ শতাধিক বাড়ি ও ৮ শতাধিক স্থাপনা হুমকির মুখে রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বুলডোজার ও হেলিকপ্টার নিয়ে কাজ করছেন দমকলকর্মীরা।
এদিকে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাভিস্তা করপোরেশন জানিয়েছে, বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। জাতীয় আবহাওয়া বিভাগ পূর্ব ওয়াশিংটন, ওরেগন ও আইডাহোসহ বেশ কিছু অঞ্চলে বায়ুদূষণ ও তীব্র দাবানলের উচ্চ সতর্কতা জারি করেছে। আগামী কয়েক দিন আবহাওয়া শুষ্ক ও গরম থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা।
যুদ্ধের মতো পরিস্থিতি ও তীব্র দাবানলের কারণে উত্তর-পশ্চিমাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য স্পোকেনের কনভেনশন সেন্টারে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।



আপনার মতামত লিখুন