সাভারে পোড়াবাড়ি এলাকায় ডিবির পৃথক অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
ঢাকার সাভারে পৃথক অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। গ্রেপ্তাররা পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি উত্তর-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে প্রথম অভিযানটি পরিচালনা করেন এসআই শেখ মফিজুর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা। বিকেল ৫টা ৪০ মিনিটে বক্তারপুর এলাকা থেকে রিমন হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে একই এলাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৃথক অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করেন এসআই আরিফুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা। গ্রেপ্তাররা হলেন জাহাঙ্গীর (৩৫) ও শাকিল (২৩)। তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৭ গ্রাম এবং আনুমানিক মূল্য ২১ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তার জাহাঙ্গীরের বিরুদ্ধে এর আগে একটি চুরির মামলা রয়েছে।
ঢাকা জেলা ডিবি উত্তর জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে

আপনার মতামত লিখুন