প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাসে দ. কোরিয়ার সংবিধান সংশোধনের প্রস্তাব
দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারি করাকে কেন্দ্র করে প্রেসিডেন্ট পদ থেকে স্থায়ীভাবে অপসারিত হয়েছেন ইউন সুক ইওল। ঘটনার রেশ বজায় থাকা অবস্থাতেই প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস করতে সংবিধান সংশোধনের এক প্রস্তাব রবিবার (৬ এপ্রিল) উত্থাপন করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এক সংবাদ সম্মেলনে ন্যাশনাল অ্যাসেম্বলি স্পিকার উউ ওয়োন শিক বলেছেন, জনগণের কাছে আমার প্রস্তাব, আমাদের এখন দ্রুত সংবিধান সংশোধনের পথে এগিয়ে যেতে হবে। অসাংবিধানিক ও অবৈধ সামরিক আইন জারি এবং এর জেরে ইউনের অভিশংসনের মধ্য দিয়ে যাওয়ার পর, সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা নিয়ে জনমনে কোনও দোটানা থাকার কথা নয়।
স্পিকার আরও বলেছেন, আদলতের রায় কয়েক সপ্তাহের বিভ্রান্তির অবসান হয়েছে ঠিকই, কিন্তু প্রেসিডেন্টের চরম ক্ষমতার কারণে ধ্বংসাত্মক সম্ভাবনা এখনও রয়ে গেছে। অনেক মানুষ প্রেসিডেন্টের সম্রাট তুল্য ক্ষমতাকে রাজনৈতিক সংঘর্ষের উৎস বলে মনে করেন। প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাসে সংবিধান সংশোধনের প্রশ্নে গত মাসে একটি জরিপ চালিয়েছিল গ্যালোপ কোরিয়া। দেখা গেছে, ৫৪ শতাংশ মানুষ সংবিধান সংশোধনের পক্ষে মত দিয়েছেন, বিপরীতে ৩০ শতাংশ মানুষ পুরো বিষয়টিকেই অপ্রয়োজনীয় মনে করেন।



আপনার মতামত লিখুন