থাইল্যান্ডের উপকূলীয় এলাকায় কারফিউ ঘোষণা
দক্ষিণ-পূর্বের ট্রাট প্রদেশে কারফিউ ঘোষণা করেছে থাইল্যান্ড। কারণ কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষ উপকূলীয় এলাকায় ছড়িয়ে পড়েছে। রবিবার (১৩ ডিসেম্বর) থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সুরাসান কংসিরি ব্যাংককে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ও সম্ভাব্য শান্তির মধ্যস্থতাকারী ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, দুই দেশ যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। এর দুই দিন পর এমন সিদ্ধান্ত নিলো থাইল্যান্ড। রিয়ার অ্যাডমিরাল সুরাসান কংসিরি বলেন, ‘সামগ্রিকভাবে, শনিবার কম্বোডিয়া আবারও যুদ্ধবিরতি গ্রহণের প্রস্তাব দেয়ার পর থেকে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
সোমবার থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়া তাদের ৮১৭ কিলোমিটার সীমান্ত বরাবর ভারী অস্ত্র বিনিময় করছে, যা জুলাইয়ের পাঁচদিনব্যাপী সংঘর্ষের পর থেকে সবচেয়ে তীব্র। ওই সংঘর্ষে ট্রাম্প ও মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি চূড়ান্ত হয়েছিল। ট্রাম্প বলেন, তিনি শুক্রবার থাইল্যান্ডের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে কথা বলেছেন এবং সব গুলিবর্ষণ বন্ধে তারা সম্মত হয়েছে। শনিবার অনুতিন প্রতিজ্ঞা করেছেন, যতক্ষণ না আমরা আমাদের ভূমি ও জনগণের নিরাপত্তায় সম্পূর্ণ নিশ্চয়তা পাই, ততক্ষণ লড়াই চালিয়ে যাব।



আপনার মতামত লিখুন