খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রুশ ড্রোনে পশ্চিমা উপকরণ, পাচারে জড়িত চীন: এস্তোনিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫০ অপরাহ্ণ
রুশ ড্রোনে পশ্চিমা উপকরণ, পাচারে জড়িত চীন: এস্তোনিয়া

রুশ সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ পশ্চিমা উপকরণ চোরাচালানের কেন্দ্রস্থল হয়ে উঠেছে চীন। এগুলো ব্যবহার করে মস্কোর সামরিক ড্রোন তৈরির অন্যতম সহায়ক হয়েছে বেইজিং। বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রকাশিত এস্তোনিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার বার্ষিক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সামরিক বাহিনীর প্রায় ৮০ শতাংশ উপকরণ চীন থেকে এসেছে। এর আগে ইউক্রেনের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, যুদ্ধক্ষেত্র থেকে উদ্ধারকৃত রুশ সামরিক সরঞ্জাম যাচাই করে তারা নিশ্চিত হয়েছে যে, অন্তত ৬০ শতাংশ উপকরণ চীন পাঠিয়েছে। এস্তোনিয়ার প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার জন্য উচ্চ প্রযুক্তি এবং দ্বৈত ব্যবহারযোগ্য উপকরণ আমদানির প্রাথমিক কেন্দ্র হচ্ছে চীন। তারা কৌশলে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে ক্রেমলিনকে সহায়তা করছে।

এক ভিডিও কলে গোয়েন্দা সংস্থার পরিচালক কাউপো রোসিন বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়া হেরে গেলে তা হবে চীনের প্রধান প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের জয়। এজন্যই মস্কোর পরাজয় ঠেকানোতেই বেইজিংয়ের প্রধান স্বার্থ নিহিত। এস্তোনিয়ার রাজধানী শহর তালিনে অবস্থিত চীনা দূতাবাসে ওই প্রতিবেদনের বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেছে রয়টার্স।
মস্কোকে নিজেদের নিরাপত্তার অন্যতম ঝুঁকি হিসেবে বিবেচনা করে থাকে তালিন। তাই পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো সদস্য এস্তোনিয়া রাশিয়ার সামরিক সক্ষমতা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে থাকে। বিশেষত ২০২২ এ ইউক্রেনে পূর্ণ সামরিক অভিযান শুরুর পর থেকে তাদের সতর্কতা আরও বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাল্টিক প্রতিবেশী লাটভিয়া ও লিথুয়ানিয়ার মতো এস্তোনিয়াকেও বলপূর্বক দখল করেছিল মস্কো। ১৯৯১ সালে সোভিয়েতের পতনের পরই কেবল তারা নিজেদের সার্বভৌমত্ব ফেরত পায়।

অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

ঢাকার ডাক বিনোদন ডেস্ক: অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। অস্কারের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার জন্য সিনেমাটিকে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম বাংলাদেশের নির্বাচিত সিনেমা হিসেবে ‘রইদ’-এর নাম ঘোষণা করেন।

অস্কার বাংলাদেশ কমিটি জানিয়েছে, ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়সীমা ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে। এগুলো হলো—রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।

তবে পরবর্তী সময়ে ‘মানুষের বাগান’ স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। ফলে বাকি চারটি চলচ্চিত্র নিয়ে পর্যালোচনা করে অস্কার বাংলাদেশ কমিটি। চলচ্চিত্রগুলোর বিভিন্ন দিক বিশ্লেষণের পর সর্বসম্মত সিদ্ধান্তে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য ‘রইদ’ সিনেমাকে চূড়ান্ত করা হয়।

ড. মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের অস্কার বাংলাদেশ কমিটিতে ছিলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।

রইদ’ নির্মাতা মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তার নির্মিত প্রথম সিনেমা ‘হাওয়া’ দেশ-বিদেশে আলোচিত হয়। এবার ‘রইদ’-এর মাধ্যমে অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই নির্মাতা।

বাংলাদেশ থেকে অস্কারে সিনেমা পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচিত হয়েছে ‘রইদ’। পরবর্তী ধাপে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া চলচ্চিত্রগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে সিনেমাটি।অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৭ সালের ১৪ মার্চ অনুষ্ঠিত হবে ৯৯তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার।