কক্সবাজারে বাইক দুর্ঘটনায় আহত জোভান
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা Farhan Ahmed Jovan মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই দুর্ঘটনার বিষয়টি জানিয়ে ভক্তদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন।
পোস্টে জোভান জানান, কিছুদিন আগে Marine Drive Road-এ মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনার মুখোমুখি হন তিনি। তবে আল্লাহর রহমতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি এবং তিনি নিরাপদেই রয়েছেন।
দুর্ঘটনার অভিজ্ঞতা তুলে ধরে অভিনেতা বলেন, এ ঘটনা তাকে নতুন করে উপলব্ধি করিয়েছে যে সড়কে সামান্য অসতর্কতাও বড় ধরনের বিপদের কারণ হতে পারে। অনেক সময় চালকেরা নিজেদের দক্ষতার ওপর অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠেন, কিন্তু দুর্ঘটনা কখন এবং কীভাবে ঘটবে, তা আগে থেকে অনুমান করা সম্ভব নয়।
সবার প্রতি সতর্কবার্তা দিয়ে জোভান বলেন, মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করা উচিত এবং ট্রাফিক আইন মেনে চলা জরুরি। কারণ পরিবারের সদস্য ও প্রিয়জনেরা সবসময় নিরাপদে ঘরে ফেরার অপেক্ষায় থাকেন।
তিনি আরও বলেন, “গন্তব্যে কিছুটা দেরিতে পৌঁছানো যেতে পারে, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
জোভানের এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অনেকেই মন্তব্যের মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরির জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন।
অভিনেতার এই বার্তাকে ইতিবাচকভাবে দেখছেন ভক্তরা। তাদের মতে, জনপ্রিয় ব্যক্তিত্বদের এমন সচেতনতামূলক বক্তব্য তরুণদের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারে উৎসাহ জোগাবে।



আপনার মতামত লিখুন